আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ। © সংগৃহীত
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ছয়টার দিকে এ ঘটনায় বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী বা রেলকর্মী ছিলেন না।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর গার্ড ও অন্য কর্মীরাও খাবার খেতে বাইরে যান।
এ সময় ট্রেনটি ফাঁকা ছিল। এর সুযোগে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে আগুন দেয় বলে জানান স্টেশনমাস্টার। জহিরুল ইসলাম জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেনটির ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা ছুটে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আগুনে বগিটির ৫ ও ৬ নম্বর এবং ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। স্টেশনমাস্টার আরও জানান, যে স্থানে বগিটি দাঁড়ানো ছিল, সেটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ট্রেনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল আটটায় যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায়।