বরিশাল পুলিশ লাইন্সের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল © সংগৃহীত
বরিশাল নগরীতে জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের কাছেই ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পুলিশ স্থাপনার সামনে প্রকাশ্যে এমন মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
গতকাল রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ‘হট প্লেট’ রেস্তোরাঁর সামনে থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি পুলিশ লাইন্সের ফটকের কাছাকাছি গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, মিছিলে অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আনন্দ মিছিল বের করা হয়েছে বলে জানিয়েছেন মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ কর্মী।
মিছিলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাককে ব্যানারের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। বিকেলে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
জেলা পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কীভাবে এমন মিছিল অনুষ্ঠিত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হঠাৎ করে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। পুলিশ মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।