ব্যবসায়ীকে অপহরণ ও আটকের অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি এমপি আরমানের © সংগৃহীত
ঢাকা-১৪ আসনে একজন ব্যবসায়ীকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রাখা এবং পরবর্তী সময়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর রূপনগরে রোড নম্বর-৪, বাড়ি নম্বর-৪৮-এর দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শামীম খান তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেন, বিপ্লব পরবর্তী গণতান্ত্রিক যাত্রায় আমাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গুম ফিরে আসবে না। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, নতুন এই গণতান্ত্রিক যাত্রার শুরুতেই দ্বিতীয় গুমের ঘটনা ঘটেছে ঢাকা-১৪ আসনে। একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রেখে তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। যা অতন্ত্য ন্যাক্কারজনক একটি ঘটনা।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শামীম খান তাঁর বক্তব্যে জানান, গত ২৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে একদল লোক সন্ত্রাসী কায়দায় তাঁকে এলাকার ইউসিবি ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি বুঝতে পারেন, তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে চোখ বেঁধে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয়।
শামীম খান বলেন, একটি কক্ষে নেওয়ার পর তাঁকে কেন তুলে আনা হয়েছে, তা জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিসি রাকিব তাঁকে আটকের নির্দেশ দিয়েছেন এবং পলাশ তাঁর ফোর্স দিয়ে তাঁকে নিয়ে এসেছেন। এ সময় তাঁকে বলা হয়, তাঁর শত্রুরা অনেক শক্তিশালী ও ভয়ংকর এবং তাঁর জীবনের ওপর বড় ধরনের বিপদ রয়েছে।
তিনি আরও জানান, এরপর তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তিনি নামাজ আদায় করতেন। খাবারের জন্য টাকা দিলে তাঁকে খাবার এনে দেওয়া হত।
শামীম খান আরও জানান, পরবর্তী সময়ে একজন কর্মকর্তা তাঁর সঙ্গে কথা বলতে এলে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি একজন ব্যবসায়ী, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং দেশ বিদেশে তাবলিগের জন্য ঘুরে বেড়ান। তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যাবে না বলেও তিনি দাবি করেন।
তাঁকে ভুল করে ধরে আনা হয়েছে কি না, এমন প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা ভুল করেননি, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং এনএসআইয়ের মাধ্যমে তথ্য যাচাই করেই তাঁকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং একটি পা কেটে দেওয়ার পাশাপাশি অস্ত্র মামলায় জড়ানোর কথাও বলা হয়। নিজের তিন সন্তানের কথা উল্লেখ করে তিনি নিরপরাধ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে এমন আচরণ করা হচ্ছে, তা জানতে চান। জবাবে তাঁকে বলা হয়, এসব ওপরের নির্দেশে করা হচ্ছে।
তিনি জানান, আটকে রাখার সময় তাঁর ব্যবসার পেছনে কার শক্তি রয়েছে, কে তাঁকে সহযোগিতা করেন এবং কীভাবে তিনি এত টাকা উপার্জন করেন— এমন প্রশ্ন বারবার করা হয়। তিনি নিজের নীতি নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা পরিচালনার কথা জানালেও একই প্রশ্নের পুনরাবৃত্তি করা হয়।
শামীম খানের অভিযোগ, ডিবির ফজলে খোদা পলাশ তাঁর সঙ্গে কথা বলার সময় মিরপুরের কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে কি না, তা জানতে চান। তাঁদের মধ্যে তুলি, মিষ্টি, পাভেল ও সাইফুলের নাম উল্লেখ করা হয়। এছাড়া ব্যবসায়িক বিষয়ে মিরাজের কাছে যাওয়ার কারণও জানতে চাওয়া হয়। তিনি জানান, মিরাজের কাছে তিনি ব্যবসায়িক প্রয়োজনেই গিয়েছিলেন।
ভুক্তভোগীর ভাষ্য, তাঁকে বলা হয়েছিল, বাইরে থাকলে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে, ভেতরে থাকলে তিনি নিরপরাধ। এমনকি এবারের মতো বেঁচে গেলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পরামর্শও দেওয়া হয়। ব্যবসা বন্ধ করলে জীবিকা নির্বাহ করবেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে তাঁকে বলা হয়, বেঁচে থাকলে ব্যবসা করতে পারবেন।
শামীম খান আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পায়ে ব্যান্ডেজ করা হয়, যা সাজানো একটি নাটক ছিল। এ ঘটনার ছবি তুলে কোথায় যেন পাঠানো হয়েছে এবং পরে একটি মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেন, ‘পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, ব্যবসায়িক একটি বিষয়কে কেন্দ্র করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। ফ্যাসিবাদী সময়ে যা ঘটত, গণতান্ত্রিক সময়ে যদি একই ঘটনা ঘটে, তাহলে বিপ্লবের অর্থ কী? ব্যবসায়িক বিরোধের জেরে একজন ব্যক্তিকে গুম করা হচ্ছে, আমরা কি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে বের হয়ে আসতে পেরেছি।’
তিনি আরও বলেন, এত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমরা কি এমন পরিস্থিতিই চেয়েছিলাম।
মিরপুরের পাভেল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাড্ডার ঘটনায় জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। বরং গত ৭ নভেম্বর তাঁকে বিএনপির একটি মিছিলে দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
আরমান আরও বলেন, এ ঘটনায় যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন ভুক্তভোগী শামীম খানের স্ত্রী, ডা. মঈন উদ্দীন, মনিরুল ইসলাম মৃধা, জিএম হাফিজুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া এবং তাজিরুল ইসলাম।