গ্রেপ্তার ছয়জন © সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছেন ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ও রাতে দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ। পরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৭), একই এলাকার মজিবুব রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), গৌরিপাশা এলাকার মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮), দপদপিয়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রাকিব মৃধা (২৫), একই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী সেলিনা বেগম (৫৫), বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাদল এলাকার মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বাকি আসামিসহ ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।