কুবি শিক্ষার্থী ইরফানের মৃত্যু © সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মৃত্যুবরণ করেছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর পাঁচটায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন সময়ে মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯ টায় দূর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে আহত অবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরে ঢাকায় মাতুয়াইল এস এমসি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় ঢাকাগামী তিশা বাস ইরফানুল্লাহকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন।
ইরফানের ভাই মহিবুল্লাহ জানান, আজকে ফজরের পরে আমার ভাই মারা গিয়েছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওর কোন আচরণে কষ্ট পেলে ওকে ক্ষমা করে দিবেন। ওর দুইটি জানাযা অনুষ্ঠিত হবে। একটি বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং অন্যটি সন্ধ্যার পরে ইরফানের সাতকানিয়ায় অবস্থিত গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। আমরা নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দিব।