ওসমান হাদি © টিডিসি সম্পাদিত
ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এতে অংশ নিয়ে আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের। পরে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং কর্মসূচির নানা দিক নিয়ে কথা বলেন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। তার সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।
তিনি আরও বলেন, ‘এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছুই পাবেন না, কিন্তু বাংলাদেশ একটি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করবে। একজন মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে তার সঙ্গে হওয়া জুলুমের বিচার পাবেন। আমরা চাই, বাংলাদেশের একজন কৃষক, ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক তিনি যে-ই হোন না কেন, তার সঙ্গে ঘটা জুলুমের বিচার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে পাবেন। সেখানে কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুখ্য বিষয় হবে না।’
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাবের বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় আগামী ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের উদ্যোগে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ আয়োজনের ঘোষণাও দেন তিনি।