আটক ঢাবি ছাত্র মারুফ © সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কৃষককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কোনাগাতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, নিহত কৃষকের নাম আকরাম। তিনি খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। ঘটনার দিন সন্ধ্যায় প্রতিবেশীরা মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে। মারুফ ওই গ্রামের নূর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ছাত্র।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কোনাগাতী গ্রামে কৃষক আকরামকে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে । পরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা মরদেহ উদ্ধার করি। এবং পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম থানায় মামলা করেছেন। পরে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্তাধীন রয়েছে।