বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

১০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ AM
 গাড়িতে হামলা

গাড়িতে হামলা © টিডিসি ছবি

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় গাড়িতে থাকা বিকাশের হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করা হয়। আহত হয়েছেন তার দুই সহকর্মী ও গাড়িচালক। 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দাবি, ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাত্র দুই মিনিটে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে। তিনি বিকাশের শ্রীপুর এলাকার হিসাব বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত। আহত অন্যরা হলেন ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) ও গাড়িচালক লাল মিয়া (৩২)। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত।

গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত ফাহাদ হোসেন জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা চার সহকর্মী নরসিংদী সদরে বিকাশের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় চার কোটি টাকা নিয়ে একটি প্রাইভেটকারে মাওনার উদ্দেশে রওনা হন। গাড়িটি গোসিংগা পার হয়ে কর্ণপুর এলাকায় পৌঁছালে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়িটি ঘিরে ফেলে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিলেন।

ফাহাদের ভাষ্য, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা গাড়ির সামনের কাচ ভেঙে হিমেলকে গুলি করে। পরে চালকের পাশের কাচ ও তার আসনের পাশের দরজার কাচ ভেঙে চাইনিজ কুড়াল দিয়ে তাদের আঘাত করা হয়। এতে তিনি ও গাড়িচালক আহত হন।

তিনি আরও জানান, গাড়ির পেছনে রাখা চার বস্তা টাকার মধ্যে তিনটি বস্তা নিয়ে যায় হামলাকারীরা। প্রতিটি বস্তায় এক কোটি টাকা ছিল। হামলার দুই মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা শ্রীপুরের দিকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ি চালিয়ে আহত সহকর্মীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে, যা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনার সময় তিনি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ব্যক্তিদের দেখতে পান।

ওসি বলেন, ‘নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে আসার পথে কর্ণপুর এলাকায় গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬