স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার © সংগৃহীত
কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জসহ সংগঠনটির দুই শীর্ষ নেতা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অবতরণের পর তাদের হেফাজতে নেয় বিমানবন্দর থানা-পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।
নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের মৃত আবদুল হাই মৃধার ছেলে। অপরদিকে জাহাঙ্গীর আলম মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নাসির উদ্দিন মৃধা ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফিরছেন। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল এলাকায় নজরদারি জোরদার করা হয়।
পরে শুক্রবার দুপুর দেড়টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট মামলার তথ্য যাচাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তার দুই আসামিকে শ্রীপুরে নিয়ে আসতে পুলিশের একটি বিশেষ দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।