লক্ষ্মীপুর জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন © সংগৃহীত
লক্ষ্মীপুর জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের একটি ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে ঠিকাদারি বিল ও মালামাল আত্মসাতের বিষয়ে এক ব্যক্তির সাথে দরদাম করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব। আমি ২ কোটি টাকার নিচে নড়ব না’।
আরও পড়ুন: ‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল
ভিডিওতে তাকে সামনে থাকা ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা গুনে নিতে দেখা যায়। যেখানে তিনি ১ লাখ ৩৫ হাজার টাকা বুঝে নেন এবং পূর্বে আরও ১ লাখ টাকা পেয়েছেন বলে কথোপকথনে উঠে আসে।
ভিডিওটি ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তদন্ত ও পরিদপ্তর বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) ধারা অনুযায়ী নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।
পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।