চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক © সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পর্যটকদের বহনকারী চাঁদের গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ পর্যটক একটি চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িটি বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় তাদের কয়েকজন প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয় ও মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২); হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল ও তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩); সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালী এলাকার আনিছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, “দুপুরের দিকে সাজেক থানা পুলিশ ৬ পর্যটককে আটক করেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দিয়েছেন।”
ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।