অস্ত্র হাতে দুই তরুণ © সংগৃহীত
নারায়ণগঞ্জের সিটি নগর পার্কে খেলনা বন্দুক হাতে পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে অস্ত্র তাক করে ‘মহড়া’ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভিডিওতে ব্যবহৃত দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে।
আটক দুই তরুণ হলেন লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। তারা দুজনই বন্দর বাজার এলাকার বাসিন্দা। লিমন ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে এবং ইয়াসিন স্বপন মোল্লার ছেলে।
জানা গেছে, লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। পুলিশ জানিয়েছে, তিনি প্রায় সাত বছর ধরে টিকটক করেন। আর ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করার পর পড়াশোনা বন্ধ করেন। তিনি প্রায় দুই বছর ধরে টিকটক করছেন।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে দুটি বন্দুক দেখা গেছে, সেগুলো আসল নয়; খেলনা বন্দুক। তবে প্রকাশ্যে খেলনা বন্দুক হাতে নিয়ে পথচারী ও শিশুদের দিকে তাক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যবহৃত দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে। ভিডিওতে থাকা দুই যুবককেও আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই তরুণ জানিয়েছেন, টিকটকের ভিডিও বানানোর জন্য খেলনা বন্দুক নিয়ে তারা ওই কর্মকাণ্ড করেন।
এর আগে, নারায়ণগঞ্জ সিটি পার্কে প্রকাশ্যে অস্ত্র হাতে দুই তরুণের ঘোরাফেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে কখনো পার্কের ভেতরে, কখনো ব্যস্ত সড়কে আবার কখনো দোকানের সামনে দাঁড়িয়ে পথচারী, রিকশাচালক এমনকি শিশুর দিকেও বন্দুক তাক করতে দেখা যায় তাদের।
ভিডিওতে দেখা যায়, বন্দুক তাক করা হলে কেউ সরে যাচ্ছেন, কেউ থমকে দাঁড়াচ্ছেন। আবার কেউ আতঙ্কিত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকছেন। দুই তরুণের পরনে ছিল কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা এবং মাথায় টুপি। তাদের হাতে থাকা বড় দুটি বন্দুক দেখতে অনেকটা আসল অস্ত্রের মতো।
এছাড়াও ভিডিওটির একটি দৃশ্যে চলন্ত পথে থাকা এক শিশুর দিকেও বন্দুক তাক করতে দেখা যায়। এতে শিশুটিকে চমকে উঠতে দেখা যায়।