প্রকাশ্যে ময়নাতদন্ত রিপোর্ট

ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভাবে হত্যা করা হয় বাবা-মা-ছেলে-মেয়েকে?

২৬ আগস্ট ২০২৬, ১১:২৭ AM
শিক্ষকসহ পরিবারের চার সদস্য

শিক্ষকসহ পরিবারের চার সদস্য © সংগৃহীত

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ময়নাতদন্ত ও পুলিশের তদন্তে বেশ কিছু তথ্য সামনে এসেছে। নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তে দুজনের মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধ বা গলায় ফাঁস দেওয়ার কথা বলা হয়েছে। তাদের মৃত্যুর ধরনও হত্যাজনিত বলে মত দিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে আসা ময়নাতদন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রীতিলতা চক্রবর্তীর যৌনাঙ্গ থেকে অণুবীক্ষণিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে বাহ্যিক যৌনাঙ্গে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গলার মাঝামাঝি অংশে পুরো গলা ঘিরে আড়াআড়ি লিগেচার মার্ক ছিল। ওই দাগের নিচের পেশিতে রক্তজমাটের চিহ্ন পাওয়া যায়। শ্বাসনালি ও খাদ্যনালিতেও অতিরিক্ত রক্তসঞ্চালনের চিহ্ন ছিল।

ময়নাতদন্তকারী চিকিৎসকের মত অনুযায়ী, গলায় ফাঁস বা শ্বাসরোধের কারণে প্রীতিলতার মৃত্যু হয়েছে। আঘাতটি মৃত্যুর আগে করা হয়েছিল। মৃত্যুর ধরন হত্যাজনিত। ময়নাতদন্তের সময় থেকে আনুমানিক দুই থেকে চার দিন আগে তার মৃত্যু হয়। একই সঙ্গে সাম্প্রতিক জোরপূর্বক যৌন কার্যকলাপের কোনো আলামত পাওয়া যায়নি।

আগামী চক্রবর্তী প্রার্থীর প্রতিবেদনেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তার যৌনাঙ্গ থেকেও পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। তবে বাহ্যিক যৌনাঙ্গে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলার মাঝামাঝি অংশে পুরো গলা ঘিরে লিগেচার মার্ক ছিল। ওই দাগের নিচের টিস্যুতে ব্যাপক রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়। এ ছাড়া প্রার্থীর থুতনির ডান পাশে আঘাত ও ফোলা ছিল। ডান চোখের বাইরের অংশ এবং গালের হাড়ের কাছেও ফোলা দেখা যায়। শরীর আংশিক পচে যাওয়ায় বিভিন্ন পোস্টমর্টেম পরিবর্তনের চিহ্নও পাওয়া গেছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক বাবলু কুমার বিশ্বাস বলেন, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, ধর্ষণের বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে দৃশ্যমান কোনো আলামত থাকলে তা ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। দৃশ্যমান আলামত না থাকলে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত মতামত দেওয়া হয়।

আরও পড়ুন: রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য

এদিকে মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় সীমান্তের। সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সীমান্ত চন্দ্র দাস নগরের মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার সুবাস চন্দ্র দাসের ছেলে। সে গ্রেপ্তার হওয়া আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু এবং নগরের একটি মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ‘সাক্ষী হিসেবে সীমান্ত তার বাবার সঙ্গে আদালতে এসে সাক্ষ্য দিয়েছে। বিচারক ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। সীমান্ত তার জবানবন্দিতে যে বর্ণনা দিয়েছে, তা আসামিদের দেওয়া জবানবন্দির সঙ্গে মিলেছে। আসামিরা তার বাড়িতে ইয়াবা সেবনের যে তথ্য দিয়েছিল, সীমান্তও আদালতে একই কথা জানিয়েছে।’

আসামিদের ডোপ টেস্ট করার বিষয়ে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ‘ডোপ টেস্টের জন্য সোমবার সকালে ডকেট পেয়েছি। ইতিমধ্যে ডোপ টেস্টের জন্য আবেদন করেছি। বুধবার (২৬ আগস্ট) তা চলে যাবে।’ আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য, তথ্যে অমিলসহ বিভিন্ন বিষয়ে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমে খোঁজা হবে। এই হত্যাকাণ্ড ঘিরে যতগুলো প্রশ্ন আছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার উত্তর খোঁজা হবে। এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।’

হত্যাকাণ্ডের ঘটনায় গত রবিবার মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই দিন রাতে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় প্রথমে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জিকে তদন্ত কর্মকর্তা করা হয়। পরদিন সোমবার মামলার তদন্তভার কোতোয়ালি থানা-পুলিশের কাছ থেকে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। পরে গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিন্নাত আলীকে এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরের কামালকাছনা-মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিবার ভোরে মুগ্ধ ও সিদ্ধার্থ নামে দুজনকে আটক করা হয়। পরে ওই দিন বিকেলে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

পরে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ ও ঘটনার বিস্তারিত তুলে ধরেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

পুলিশ কমিশনারের তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি ভবনের ছাদ দিয়ে তার বাড়ির ছাদে প্রবেশ করে মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। এ সময় গণপতি চক্রবর্তী ছাদে উঠে তাদের দেখতে পান। মাদক সেবন ও সেখানে আড্ডা দেওয়ার বিষয়ে তিনি তাদের বকাঝকা করেন।

পুলিশের দাবি, গণপতি চক্রবর্তী তাদের মাদক সেবনের বিষয়টি অন্যদের জানিয়ে দিতে পারেন—এমন আশঙ্কা থেকে তাকে হত্যার সিদ্ধান্ত নেয় দুই যুবক। একপর্যায়ে সঙ্গে থাকা গামছা দিয়ে তার গলায় পেঁচিয়ে ধরলে ধস্তাধস্তি শুরু হয়।

কমিশনার বলেন, গণপতি চক্রবর্তীকে হত্যার সময় তার বাঁচার চেষ্টা ও শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওপরে যাওয়ার চেষ্টা করেন। সিঁড়িতে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তাদের ২৫ বছর বয়সী মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রার্থী চক্রবর্তীকে হত্যা করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে। একপর্যায়ে আসামিরা রশি দিয়ে তার গলা ও মুখ পেঁচিয়ে ধরে জোরে টান দেয়। এতে তার চোয়াল ভেঙে যায় এবং চোখ বেরিয়ে আসে। পরে ঘরে থাকা ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও হত্যা করে তারা।

পুলিশের দাবি, প্রিয়ম আসামিদের চিনত। ভবিষ্যতে সে হত্যাকাণ্ডের ঘটনা অন্যদের জানিয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মুগ্ধ ও সিদ্ধার্থ ওই বাড়ির ওয়াশরুমে গোসল করে। পরে সেখানে বসেই আবার ইয়াবা সেবন করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এরপর তারা বাসার আসবাবপত্র তল্লাশি করে স্বর্ণালংকার বের করে। পুলিশের দাবি, সিদ্ধার্থ একটি স্বর্ণের দোকানে কাজ করে। তাই আগুন দিয়ে পরীক্ষা করে কোনটি আসল স্বর্ণ, তা শনাক্ত করে নেয় সে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় আশপাশের লোকজন মসজিদে গেলে মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের বাড়ির ছাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বের হওয়ার আগে তারা ডাইনিং টেবিলে বসে বয়ামে রাখা খেজুর খায়। এ ছাড়া মাদকের প্রভাব কমানোর জন্য ফ্রিজ থেকে শসা বের করে খায় বলেও জানিয়েছে পুলিশ।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950