গ্রেপ্তার মোহাম্মদ আলী © সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র, মাদক, সন্ত্রাস ও অপহরণসহ ১১টির বেশি চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার হাজীগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আনোয়ারা থানা-পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর হাজীগাঁও এলাকার মৃত জালাল আহাম্মদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তার অবস্থান নিশ্চিত করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী দৌড়ে পাহাড়ি জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে হাজীগাঁও এলাকা থেকে আটক করে।
পুলিশ আরও জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের সাজার পরোয়ানা ছাড়াও আরও একটি অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা মুলতবী ছিল। সে গত ২০ বছরের বেশি সময় ধরে আনোয়ারা ও আশপাশের এলাকায় অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল এবং হাজীগাঁওয়ের পরিত্যক্ত কটন মিল এলাকা ও পাহাড়ের গহীন জঙ্গলে লুকিয়ে থেকে ডাকাতি, ছিনতাই, চুরি ও অপহরণের মতো অপরাধের জড়িত ছিলেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিকবার অভিযান চালালেও সব সময় পাহাড়ি জঙ্গলে আত্মগোপন করে পালিয়ে বেড়াত। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হলেও জামিনে মুক্ত হয়ে সে আবারও অপরাধে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মজনু মিয়া বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে ধরতে আমরা প্রায় ৭ থেকে ৮মাস ধরে চেষ্টা করেছি। সে আমাদের থানার একটি অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’