ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা © সংগৃহীত
ময়মনসিংহের সদর উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। হত্যার পর তার মরদেহ সড়কের পাশের জঙ্গলে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়-সংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ইসলাম (২৫) নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তার আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে ছিনতাইকারীরা রাজিবের অটোরিকশা ভাড়া করে। ছিনতাইকারীরা অটোরিকশায় উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথিমধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়-সংলগ্ন নির্জন জায়গায় এসে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিশা ছিনতাই করে। এ সময় তাদের পেছনে আসা অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারীরা রাজিবকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে জঙ্গলে তার মরদেহ ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজিবের অটোরিকশা ছিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।