নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২৪ জুন ২০২৬, ০৯:১৫ AM
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র © সংগৃহীত

আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে রাতভর অভিযান চালানোর পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আদালতের রায় অবমাননা ও শ্রম আইন লঙ্ঘনসংক্রান্ত মামলার প্রেক্ষাপটে পরিচালিত অভিযানে বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ। তবে অভিযানের শুরুতেই ভবনে প্রবেশে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের অভিযোগ, ভবনের মূল ফটকে তালা দেওয়া ছিল এবং নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেননি। এ সময় সাজেদুল ইসলাম শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীদেরও পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়। তবে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে বাধা সৃষ্টি হলেও পুলিশ সদস্যদের কোনো ধরনের বলপ্রয়োগ করতে দেখা যায়নি। অভিযানের সময় এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও রাজি হননি সংশ্লিষ্ট কেউ।

পরে রাতভর অবস্থান ও তল্লাশি অভিযানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আটজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানার ভিত্তিতেই সর্বশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬