সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন

২৪ মার্চ ২০২৬, ১২:৪১ PM
সাইকো সম্রাট

সাইকো সম্রাট © ফাইল ছবি

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। 

কারাগারে সকাল সাড়ে ৭ টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।  

একসময় সাভার পৌর এলাকার পরিত্যক্ত ভবনগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করা এই সিরিয়াল কিলারের মৃত্যুতে শেষ হলো এক ভয়ংকর অপরাধ অধ্যায়, যা দীর্ঘদিন ধরে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল।

চলতি বছরের ১৮ জানুয়ারি দুপুর দুইটায় সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নতুন করে সামনে আসে তার নির্মম অপরাধের চিত্র। এর আগে একই ভবন থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখতে পায়, সম্রাট নিজ কাঁধে করে মরদেহ নিচতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছে, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।

তাকে এক নারীর সঙ্গে ওই পরিত্যক্ত ভবনে দেখা যায়; পরে জানা যায়, সেই নারীকে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় সম্রাট। তদন্তে নেমে পুলিশ তার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে সে সিরিয়াল অনুযায়ী ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরদিন ১৯ জানুয়ারি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তা গ্রহণ করে তাকে কারাগারে পাঠায়।

অনুসন্ধানে জানা যায়, সাইকো সম্রাট নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম সবুজ শেখ।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোছামান্দা গ্রামে এবং তার বাবার নাম পান্না শেখ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, ২০১৪ সালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে তার প্রবেশ। ওই ঘটনায় গ্রেফতার হয়ে চার্জশিটভুক্ত হলেও পরে জামিনে বের হয়ে ২০১৯ সালে তিন মাসের মধ্যে দুইবার মাদক মামলায় গ্রেফতার হয় এবং পুনরায় জামিনে এসে এরপর ভবঘুরে জীবনযাপন করতে করতে সাভার পৌর এলাকায় অবস্থান করে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটাতে থাকে। তার বিরুদ্ধে মোট সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬