টঙ্গীতে ব্যবসায়ী কামরুজ্জামানকে লক্ষ্য করে গুলি, হত্যাচেষ্টার অভিযোগ

০৮ মার্চ ২০২৬, ১২:২৯ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশিষ্ট ব্যবসায়ী ও মায়ের দোয়া রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামানকে লক্ষ্য করে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে টঙ্গীর পাগার এলাকার তার অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে কয়েকজন অজ্ঞাত যুবক কামরুজ্জামানের অফিসের আশপাশে ঘোরাফেরা করছিল। তারা আশপাশের দোকানদারদের কাছে ব্যবসায়ী কামরুজ্জামানের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়। একপর্যায়ে তারা অফিসের নিরাপত্তারক্ষী নান্টুকে ডেকে পাশের একটি দোকানের পেছনে নিয়ে যায় এবং কামরুজ্জামান সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়।

নিরাপত্তারক্ষী নান্টু জানান, ওই যুবকদের কথাবার্তায় তার সন্দেহ হয়। তিনি তাদের ভদ্রভাবে কথা বলতে বলেন এবং জানতে চান, ‘কামরুল কোথায়—এভাবে বলছেন কেন?’ এ কথা বলার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা দ্রুত একটি নোহা মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।

ব্যবসায়ী কামরুজ্জামান জানান, ঘটনার মাত্র দুই মিনিট আগে তিনি অফিসের সামনে অবস্থান করছিলেন। পরে সেখান থেকে বের হওয়ার পথে নিজের গার্ডেনের দিক থেকে গুলির শব্দ শুনতে পান। তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আগে থেকে অফিসের আশপাশে অবস্থান নিয়েছিল।

ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, একটি তাজা গুলি এবং একটি ব্যাগ উদ্ধার করেছে।

এদিকে গুলির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, টঙ্গী এলাকায় সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬