যুবদল নেতার নেতৃত্বে টোল প্লাজায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত ৫

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
টোল প্লাজা

টোল প্লাজা © সংগৃহীত

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের পর ক্যাশবাক্স থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা মাহফুজার রহমান ওরফে রাজুর নেতৃত্বে ৪০ জনের একটি দল জড়িত ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে টোল প্লাজার পাঁচজন কর্মী আহত হন। ঘটনার পরদিন আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সদর থানায় মামলা হয়েছে।

মামলার প্রধান আসামি গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকায়। মামলায় আরও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। টোল আদায়কারী প্রতিষ্ঠান মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালক মো. নাজমুল আলম মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বুধবার বিকেলে যুবদল নেতা মাহফুজার রহমান মোটরসাইকেলযোগে তিস্তা সেতু পার হওয়ার সময় টোল না দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। টোল প্লাজার কর্মীরা বাধা দিলে তিনি টোল না দেওয়ার হুমকি দেন। কিছুক্ষণ পর রাতে তিনি দা, রড, ছোরা ও দেশীয় অস্ত্রসহ একদল লোক নিয়ে টোল প্লাজায় ফেরত আসেন এবং হামলা চালান।

হামলাকারীরা টোল প্লাজার কর্মচারীদের মারধর করে ক্যাশবাক্স থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে যায়। অভিযোগে বলা হয়, জুয়েল ইসলাম নামের একজন কর্মচারীর কাছ থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা এবং ম্যানেজার সুরুজ্জামানের কাছ থেকে আরও ৮ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় গুরুতর আহত সুরুজ্জামান ও জুয়েল ইসলাম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত অন্য তিনজনের মধ্যে মোসলেম উদ্দিন ও আক্কাস আলীকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মামলার বাদী নাজমুল আলম বলেন, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও, তারা এখন সন্ত্রাসী ও ছিনতাইকারী। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, হামলার খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা হয়েছে, তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন…
  • ১২ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081