জয় শাহ © সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। রোববার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় সদস্যরা তাঁকে আরও তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেন। ফলে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। সংগঠনের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা বিবেচনা করে জয় শাহর নাম প্রস্তাব করেন আইসিসির সদস্যরা।
২০২৪ সালের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। তাঁর প্রথম তিন বছরের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে। এরপর দ্বিতীয় মেয়াদ শুরু হবে, যা চলবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত।
আইসিসির সংবিধান অনুযায়ী, একজন চেয়ারম্যান সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। প্রতিটি মেয়াদের সময়সীমা তিন বছর। সে হিসাবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করলে আইসিসি চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ দুই মেয়াদ পূর্ণ হবে জয় শাহর।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, জয় শাহর নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা এবং ক্রিকেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা থেকেই তাঁকে পুনর্নির্বাচিত করা হয়েছে।
আইসিসির বিবৃতিতে বলা হয়, 'এই সিদ্ধান্ত জয় শাহর নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা প্রকাশ করে। একই সঙ্গে ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে সংগঠনের ধারাবাহিকতা নিশ্চিত করবে। বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়ন আইসিসির কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
'এ ছাড়া ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে ক্রিকেট আবারও অলিম্পিক গেমসে ফিরতে যাচ্ছে। সম্প্রতি আইসিসি প্রতিযোগিতার দীর্ঘমেয়াদি সূচিও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এর ফলে ক্রিকেটে আরও বেশি মানুষের অংশগ্রহণ এবং খেলোয়াড়দের উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।'
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আইসিসির সদস্যদের সঙ্গে কাজ করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্র করার ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্যদের সহযোগিতায় আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রেখে যাবে।’
এদিকে জয় শাহর পুনর্নির্বাচনে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে ঐতিহ্যের পাশাপাশি নতুন উদ্ভাবন ও বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
থম্পসন বলেন, ‘আমাদের খেলার ঐতিহ্যের সঙ্গে উদ্ভাবন, নতুন দর্শক এবং পরিবর্তিত বাণিজ্যিক পরিস্থিতির সুযোগগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা আগামী বছরগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ এবং টেকসই দিকনির্দেশনা তৈরিতে আইসিসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।’
জয়কে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানাই। ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ পরবর্তী পর্যায়ে তাঁর ও আইসিসির অন্যান্য সদস্যের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।