হাসান মাহমুদের ফাইফার © সংগৃহীত
ক্যারিয়ারের প্রথম পাঁচটি ফাইফারই পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে তুলে নিয়ে বিরল কীর্তি গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লিয়নের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে ভিন্ন পাঁচ দেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ফাইফার নেওয়া দ্বিতীয় বোলার এবং প্রথম পেসার এখন হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের পঞ্চম ফাইফার পূর্ণ করেন ২৭ বছর বয়সী এই পেসার। এর আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ফাইফার পেয়েছিলেন হাসান। তিন ইনিংস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়ে গড়েন এই অনন্য রেকর্ড। দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে এটিই তার প্রথম ফাইফার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুটি উইকেট পেয়েছিলেন হাসান। দ্বিতীয় দিন সকালে বাকি তিন উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। দিনের ৮২তম ওভারে পরপর দুই বলে আমির জাঙ্গু ও রোস্টন চেজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান বাংলাদেশের এই পেসার।
দিনের প্রথম উইকেট হিসেবে জাঙ্গুকে ফেরান হাসান। আগের দিন ১১১ রানে অপরাজিত থাকা এই ব্যাটারকে ১৩৩ রানে বোল্ড করেন তিনি। ২১২ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছক্কা মেরেছিলেন জাঙ্গু। পরের বলেই লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।
পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। হাসানের পরের বলটি জশুয়া বিশপের প্যাডে লাগলে জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ। পরে হাসানের বলে ফিরতি ক্যাচ তুলে দিয়েও জীবন পান তিনি। দুই হাত বাড়িয়ে ক্যাচটি নিতে পারেননি হাসান নিজেই।
তবে শেষ পর্যন্ত বিশপকে ফিরিয়েই ফাইফার পূর্ণ করেন এই পেসার। হাসানের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বলের নাগাল পাননি বিশপ। পেছনে দাঁড়িয়ে থাকা লিটন দাসের ক্ষিপ্র স্টাম্পিংয়ে শেষ হয় তার ইনিংস। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন হাসান।
এই কীর্তির মধ্য দিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যেও এককভাবে সবার ওপরে উঠে গেছেন তিনি। এত দিন চারবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান। তবে অনেক কম ম্যাচ খেলেই শাহাদাতকে ছাড়িয়ে গেছেন ২৭ বছর বয়সী এই পেসার।
প্রায় ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৮ ম্যাচের ৬০ ইনিংসে চারবার পাঁচ উইকেট নিয়েছিলেন শাহাদাত। অন্যদিকে মাত্র ১৯ টেস্ট খেলেই পাঁচবার এই কীর্তি গড়েছেন হাসান। অর্থাৎ শাহাদাতের অর্ধেক ম্যাচ খেলেই তাকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের এই পেসার।
বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার সামগ্রিক তালিকায় অবশ্য এখনো স্পিনারদের আধিপত্য। ১৯ বার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।