বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ AM
শ্রীলঙ্কা ক্রিকেট দল

শ্রীলঙ্কা ক্রিকেট দল © সংগৃহীত

এশিয়ান গেমসে বৃষ্টির কারণে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বৃষ্টির কারণে স্বপ্নভঙ্গ হয়েছে নেপালের।

জাপানের আইচি নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠেই গড়ায়নি। টি-টোয়েন্টিতে ফল পেতে অন্তত পাঁচ ওভার খেলা প্রয়োজন হলেও বৃষ্টির কারণে সেটিও সম্ভব হয়নি। এমনকি টসও করা যায়নি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বৃষ্টিসহ কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে এবং কোনো ফল না এলে দুই দলের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিং বা টুর্নামেন্ট সিডিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবে। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে, আর নেপালের অবস্থান ১৪তম। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বে আফগানিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল নেপাল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের বিদায় নিতে হলো। অন্যদিকে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলা শ্রীলঙ্কা এখন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এর আগে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রথম দুই কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেখান থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ও ভারত। বিদায় নেয় হংকং চায়না ও আফগানিস্তান।

আজ চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। এই ম্যাচের জয়ী দল বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

আগামী ৩ অক্টোবর হবে পদকের লড়াই। সেদিন সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ব্রোঞ্জের জন্য খেলবে। একই দিনে অনুষ্ঠিত হবে স্বর্ণের লড়াই ফাইনাল।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬