বাংলাদেশ দল © সংগৃহীত
এশিয়ান গেমসে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অভিযান। জাপানের নিশিনে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ পর্বে খেলতে হয়নি বাংলাদেশকে। ফলে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করছে টাইগাররা।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে মালয়েশিয়াকে। কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসে পাঁচটি ম্যাচ খেলেছিল তারা। বাংলাদেশের এইচপি দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচেই হেরেছিল মালয়েশিয়া।
তবে এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করেছেন বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততেই মাঠে নামবে বাংলাদেশ।
চোটের কারণে নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় বাংলাদেশের স্কোয়াড কিছুটা ছোট হয়ে এসেছে। সম্ভাব্য একাদশে হাসান মাহমুদ, ইয়াসির আলী ও রিশাদ হোসেনের জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। উইকেটের ধরন বিবেচনায় স্পিনারদের মধ্যেও পরিবর্তন আসতে পারে।
ব্যাটিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ওপেনিং করার সম্ভাবনা রয়েছে। তিন নম্বরে অধিনায়ক লিটন দাসের জায়গা নিশ্চিত। শান্ত না থাকায় চার নম্বরে খেলতে পারেন পারভেজ হোসেন ইমন। এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে পাঁচে থাকবেন তিনি এবং ছয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে। তবে তার বদলে ইয়াসির আলীও সুযোগ পেতে পারেন।
বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে থাকতে পারেন শরিফুল ইসলাম। স্পিনে শেখ মেহেদী হাসানের সঙ্গে নাসুম আহমেদ বা রিশাদ হোসেনের একজনকে দেখা যেতে পারে। জাপানের উইকেট যদি স্পিন সহায়ক হয়, সেক্ষেত্রে নাসুমের খেলার সম্ভাবনা বেশি। আর উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হলে রিশাদকে একাদশে রাখা হতে পারে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। শুরুতে উইকেট হারালে দ্রুত ধসে পড়ার প্রবণতা দেখা গেছে। তাই মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের ধারাবাহিকতা ধরে রাখাও গুরুত্বপূর্ণ হবে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
মালয়েশিয়া: মুহাম্মদ হাজিক আইমান, সৈয়দ আজিজ (অধিনায়ক), বিরানদীপ সিং, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ আমির, আইনুল হাফিজ (উইকেটরক্ষক), মুহাম্মদ ওয়াফিক, পবনদীপ সিং, শারভিন মুনিয়ান্দি, মুহাম্মদ আকরাম, বিজয় উন্নি।