এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ PM
 নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

বাংলাদেশের গতি তারকা নাহিদ রানাকে দলে পেতে আগ্রহ দেখাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) একাধিক ফ্র্যাঞ্চাইজি। আগামী মৌসুমে সরাসরি চুক্তিতে এই ডানহাতি পেসারকে দলে নিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পার্থও তাকে পেতে আগ্রহী। 

সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দেখা যেতে পারে নাহিদ রানাকে। তবে তার অস্ট্রেলিয়া সফর নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) ও ফিটনেসের ওপর।

একটি সূত্র জানিয়েছে, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তার।’

সাধারণত ডিসেম্বর-জানুয়ারি সময়ে বিগ ব্যাশ অনুষ্ঠিত হয়। আগামী মৌসুমও এই সময়েই হবে। তবে এই সময়ে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি থাকায় নাহিদ রানাকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। বিসিবির মূল অগ্রাধিকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। সামনে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের।

এর মধ্যে সাইড স্ট্রেইন চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি রানা। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। সম্প্রতি আবার বোলিং শুরু করলেও পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে আরও সময় প্রয়োজন। এ কারণে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার এনওসি দেওয়ার আগে রানাকে পুরোপুরি ফিট করে তোলাই বিসিবির প্রধান লক্ষ্য। বিসিবি থেকেও তাকে এখনো এনওসি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ম্যাচ ফিটনেসের কথা বিবেচনা করেই তাকে এশিয়ান গেমসের দলেও রাখা হয়নি। ফলে বিগ ব্যাশে খেলার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত রানার অংশগ্রহণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উন্নতি এবং জাতীয় দলের ব্যস্ত সূচির সঙ্গে সমন্বয়ের ওপর।

এর আগে রানাকে নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে রানার বোলিং দেখার পর তাকে স্ট্রাইকার্সে খেলার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন তিনি।

এদিকে সাবেক বাংলাদেশ পেস বোলিং কোচ শন টেটও আগেই রানার বিগ ব্যাশ খেলার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় নাহিদ রানা বিগ ব্যাশে খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়ান দর্শকরা এবার তার বোলিং দেখার সুযোগ পেতে পারে।’

বিগ ব্যাশের এবারের মৌসুমে বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে সরাসরি চুক্তির ব্যবস্থা ফিরেছে। ফলে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি তার সঙ্গে চুক্তিতে যেতে পারবে। এখন অপেক্ষা শুধু বিসিবির ছাড়পত্র ও রানার পূর্ণ ফিট হয়ে ফেরার।

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬