ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব © সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। দীর্ঘদিন ব্যাট হাতে অফফর্মে থাকলেও তাঁর নেতৃত্বে গত দুই বছরে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। বরং জিতেছে বিশ্বকাপ ও এশিয়া কাপ। এরপরও তাঁকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করায় প্রশ্ন তুলেছেন সূর্যকুমার। তাঁর সরাসরি প্রশ্ন, ‘আমার ভুল কোথায়?’
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার দুই-তিন দিন আগে নির্বাচকদের পক্ষ থেকে তাঁকে ফোন করা হয়েছিল বলে জানিয়েছেন সূর্যকুমার। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির পক্ষ থেকে তাঁকে জানানো হয়, এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।
এ বিষয়ে সূর্যকুমার বলেন, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ়ের দল ঘোষণার দু’-তিন আগে ওঁরা আমাকে ফোন করেছিলেন। বলেছিল, এ বার এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি কোনও প্রতিক্রিয়া দেখাইনি। কারণ, এটা আমার দোষ নয়। নিশ্চয়ই দলের জন্য ভালো বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওঁরা।’
প্রথমে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দেখালেও পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সূর্যকুমার। হঠাৎ দল থেকে বাদ পড়ার সিদ্ধান্ত মেনে নিতে তাঁর সময় লেগেছে। প্রায় দেড় মাস বাড়িতেই ছিলেন তিনি।
নিজের হতাশার কথা জানিয়ে সূর্যকুমার বলেন, ‘হ্যাঁ, আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দু’বছরে একটাও সিরিজ় হারেনি দল। বিশ্বকাপ এবং এশিয়া কাপ জিতেছে। তাই স্বাভাবিক ভাবেই আপনি চাইবেন কিছু পাল্টাবে না। যখন সবকিছু ভালো চলছে, তখন কেন পরিবর্তন? পরিবর্তনের কারণ কী? এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল।’
ভারতের হয়ে দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার। তাঁর নেতৃত্বে দল গত দুই বছরে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি। এই সময়ে ভারত বিশ্বকাপ ও এশিয়া কাপও জিতেছে। ফলে এমন সাফল্যের পর নেতৃত্ব ও দল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
তবে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রতি কোনো ক্ষোভ নেই সূর্যকুমারের। সতীর্থের প্রতি সম্মান রেখেই নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ব্যাট হাতে দীর্ঘদিন প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সূর্যকুমারকে নিয়ে অবশ্য আগে থেকেই আলোচনা ছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে হলো তাঁকে।