মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত
রাজনৈতিক অস্থিরতায় গত বছর বাংলাদেশ সফর স্থগিত হয়েছিল ভারতের। সেই সীমিত ওভারের সিরিজটি আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলমান থাকায় সিরিজটি নিয়ে যেমন আশাবাদ রয়েছে, তেমনি রয়েছে কিছু অনিশ্চয়তাও।
তবে এসব অনিশ্চয়তার মধ্যেও ভারতকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বহুল প্রতীক্ষিত এই সিরিজের অপেক্ষায় আছেন। রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলতে দল অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মিরাজের ভাষ্য, 'সিরিজটি নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত। ভারত এলে সেটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে, কারণ বেশ কিছুদিন হয়ে গেল আমরা ওদের বিপক্ষে খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল, তাই সামনের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা সচেতন। নিজেদের ঘরের মাঠে সেরা ক্রিকেট খেলার ওপরই আমাদের মূল নজর থাকবে, আর আমরা সবাই এই লড়াইয়ের অপেক্ষায় আছি।'
এদিকে সাম্প্রতিক সময়ে মিরাজের অধীনে ভালোই করছে ওয়ানডে দল। মাঝে জিম্বাবুয়ের কাছে সিরিজ হার বাদ দিলে বিগত কিছু সিরিজে সাফল্যের পাল্লাই ছিল ভারি। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ জয় সেটাই সাক্ষী দিচ্ছে।
এ নিয়ে অধিনায়ক বলেন, 'এটা আমার এবং দলের জন্য অনেক বড় একটা দায়িত্ব। বিগত কয়েকটি সিরিজে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং খেলোয়াড়রাও অসাধারণ পারফর্ম করেছে। চাপের মুহূর্তগুলো আমরা খুব ভালোভাবে সামলেছি। সামনের বিশ্বকাপ আমাদের জন্য একটা বিশাল সুযোগ, কারণ বিশ্বকাপ খেলা তো প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন। আমাদের প্রতিদিন নতুন নতুন জায়গায় উন্নতি করতে হবে এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে হবে।'