আদালতে পরীমনি © সংগৃহীত
‘গুড টাচ হোক বা ব্যাড টাচ, আমি ব্যথা পেয়েছি’—আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা নিয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। গত ৫ নভেম্বরের ওই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
আদালতে যাওয়া-আসার প্রায় ছয় বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে পরীমনি বলেন, এ সময়ে সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে তাঁর কখনো দুর্ব্যবহার হয়নি। এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন, তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারও সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্যায় আচরণ করার বিষয়ে আপত্তি জানিয়ে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাড টাচ বা গুড টাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে—আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ সময় ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। পরীমনির দাবি, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান। পরে সাংবাদিকের সঙ্গে তাঁর অশোভন কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানির দিন ধার্য ছিল। তবে মামলাটি আদালত পরিবর্তনের প্রক্রিয়ায় থাকায় শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। গত ৯ নভেম্বর মামলাটি সিএমএম আদালতে বদলি করা হয়। নতুন আইনের আওতায় ট্রাইব্যুনাল গঠিত হওয়ায় সেখানে মামলার বিচার কার্যক্রম চলবে বলে আদালত জানিয়েছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট সংস্থাটির পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তাঁর গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।
২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।
মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।