সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস © সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি মন্ত্রণালয়ে এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে পিটার হাস মন্ত্রণালয়ে আসেন। তবে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সূত্রটি। ধারণা করা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
জানা গেছে, পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় এসেছেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ সফর করেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় পিটার হাস বেশ আলোচিত ছিলেন। ফলে তার বর্তমান ঢাকা সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। এরপর অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।