রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর: অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা। © সংগৃহীত
গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রাখার পাশাপাশি বহুপাক্ষিক আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর: অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।
দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, মওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে অধিকার আদায়ের লড়াইয়ের শিক্ষা দিয়েছেন। পানির ন্যায্য হিস্যার বিষয়টি দেশের স্বার্থ, মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে জড়িত। তাই এ অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করতে হবে।
নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা আন্তর্জাতিক নদী হওয়ায় এর পানিবণ্টনে ভারত, নেপাল, চীন ও বাংলাদেশকে নিয়ে আলোচনা প্রয়োজন। নতুন চুক্তিতে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থ ও অধিকার সুরক্ষায় গ্যারান্টি ক্লজ রাখতে হবে।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, জনগণের মধ্যে এমন জাগরণ তৈরি করতে হবে, যাতে রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষাকারী পানিবণ্টন চুক্তি করতে বাধ্য হয়। নতুন চুক্তিতে গ্যারান্টি ও আরবিট্রেশন ক্লজের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে।
এ জন্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং অন্যান্য দেশকে সম্পৃক্ত করে বহুপাক্ষিক চুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের অভ্যন্তরে নদী দখল ও দূষণের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার কথা বলেন আবুল হাসান রুবেল।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে ভারত তার বাংলাদেশ নীতির পরাজয় হিসেবে দেখছে। ভারতের নীতিনির্ধারকদের এ অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা কেউ চায় না। সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে দ্বিপক্ষীয় সংকটের সমাধান চায় বাংলাদেশ।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশকে বাঁচাতে নদী ও পানির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এ ক্ষেত্রে শুধু ভারতের ওপর নির্ভর না করে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। অন্যথায় ২০৫০ সালের মধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা ও গঙ্গার পানিবণ্টনে বাংলাদেশের অধিকার নিশ্চিত করতে হলে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে জনগণের শক্তির ওপর নির্ভর করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূইয়া, ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, ঢাকা উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, কৃষি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক আলিমুল কবির, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।