প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় © সংগৃহীত
প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকার প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। এমনকি এ কার্ডের আবেদন কার্যক্রমও শুরু হয়নি। এরই মধ্যে কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে পেনশন সুবিধাসহ নানা মিথ্যা তথ্য প্রচার করে প্রবাসীদের কাছ থেকে অসাধু ব্যক্তি ও দালাল চক্র অর্থ আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কার্ডটি প্রবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি।
সম্প্রতি দেশে ও বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে কার্ডের নামে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এ অবস্থায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কেউ প্রতারণার শিকার হলে অথবা এ ধরনের প্রতারণার তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
প্রয়োজনে এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের (০১৭১২-৮৭০৯৬৮) সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের (০১৩৩১-১১৬৬০০) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।