তুরস্কে জলবায়ু সম্মেলন কপ৩১-এ মো. খাইরুল ইসলাম মুন্না © সংগৃহীত
নিজস্ব উদ্যোগে তৃণমূলের তরুণদের সংগঠিত করা থেকে জাতীয় পর্যায়ে জলবায়ু নেতৃত্ব। প্রায় সাত বছরের পথচলায় এবার আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উপকূলীয় মানুষের সংকট ও দাবি তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিচ্ছেন বরগুনার বেতাগী উপজেলার তরুণ জলবায়ুকর্মী মো. খাইরুল ইসলাম মুন্না। সম্মেলনে অংশ নিতে তিনি এখন তুরস্কের আনতালিয়া শহরে অবস্থান করছেন।
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে জন্ম মুন্নার। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের সময় তিনি ছিলেন শিশু। সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর পরিবারও। উপকূলের মানুষের জীবনে দুর্যোগের প্রভাব, অনিশ্চয়তা এবং ঘুরে দাঁড়ানোর সংগ্রাম তাই তার কাছে কেবল দূর থেকে দেখা কোনো বাস্তবতা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নিজের পরিবারের অভিজ্ঞতাও।
শৈশবের সেই অভিজ্ঞতা থেকেই ধীরে ধীরে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবতে শুরু করেন তিনি। কেন উপকূলের মানুষ বারবার দুর্যোগের ক্ষতির মুখে পড়েন, কেন তাঁদের জীবন ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি উদ্যোগ জরুরি এবং তাদের অভিজ্ঞতা ও দাবিগুলো জাতীয় পর্যায়ে কতটা গুরুত্ব পায়, এসব প্রশ্নই তাঁকে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হতে অনুপ্রাণিত করে।
উপকূলের একটি উপজেলা থেকে কাজ শুরু করে জাতীয় পর্যায়ে নিজের পরিচয় তৈরি করা, তরুণদের সংগঠিত করা এবং জলবায়ু নিয়ে কাজের পরিসর গড়ে তোলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে প্রায় সাত বছরের প্রচেষ্টায় তিনি তৈরি করেছেন নিজের কাজের ক্ষেত্র ও নেতৃত্বের অভিজ্ঞতা। এবার সেই অভিজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলের মানুষের কথা তুলে ধরতে চান তিনি।
পরিবার ও শৈশবের অভিজ্ঞতা
মুন্নার বাবা মো. সিদ্দিকুর রহমান একজন ব্যবসায়ী। মা খাদিজা আক্তার বেবী গৃহিণী। তার ছোট ভাই আরিফুল ইসলাম মান্না একজন শিক্ষার্থী। তিনিও স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন।
পরিবারের অভিজ্ঞতা, নিজের বেড়ে ওঠা এবং উপকূলের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ মুন্নার কাজের ভাবনাকে প্রভাবিত করেছে। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, উপকূলের সংকটকে শুধু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ রেখে দেখার সুযোগ নেই। এর সঙ্গে মানুষের জীবিকা, নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নও জড়িত।
উপকূলের মানুষের এসব অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে তুলে ধরার তাগিদ থেকেই ধীরে ধীরে বিস্তৃত হয়েছে তার কাজের পরিধি।
সাত বছরের প্রচেষ্টা, নিজস্ব সংগঠন GPYDS
স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্য দিয়ে মুন্নার পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে তিনি বুঝতে পারেন, দীর্ঘমেয়াদি পরিবর্তনের জন্য প্রয়োজন সংগঠিত উদ্যোগ ও দক্ষ তরুণ নেতৃত্ব। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠা করেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি (GPYDS)। বর্তমানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সংগঠনটির কাজের কেন্দ্রে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্বের বিকাশ এবং শিশু, কিশোরী ও নারীদের অধিকার। বরগুনাকে কেন্দ্র করে শুরু হওয়া উদ্যোগটি বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকায় কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবক।
তরুণদের সংগঠিত করা, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যার সমাধানে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয় সংগঠনটি। জলবায়ু ও পরিবেশবিষয়ক কাজের পাশাপাশি নিরাপদ পানি, কিশোরী ও নারীদের স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নেও রয়েছে তাদের বিভিন্ন উদ্যোগ।
একটি উপকূলীয় এলাকা থেকে সংগঠন গড়ে তোলা এবং সেটি পরিচালনার অভিজ্ঞতা মুন্নাকে শিখিয়েছে, শুধু আগ্রহ থাকলেই কাজ এগিয়ে নেওয়া যায় না। প্রয়োজন মানুষের আস্থা অর্জন, দল গঠন, পরিকল্পনা, ধারাবাহিকতা এবং প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার মানসিকতা।
তার কাছে GPYDS কেবল একটি সংগঠন নয়, বরং উপকূলের তরুণদের নিজেদের এলাকার সমস্যা নিয়ে কাজ করার এবং নেতৃত্ব দেওয়ার একটি প্ল্যাটফর্ম।
উপকূল থেকে জাতীয় পর্যায়ে জলবায়ু নেতৃত্ব
তৃণমূলের অভিজ্ঞতাকে জাতীয় পর্যায়ের আলোচনার সঙ্গে যুক্ত করাই এখন মুন্নার কাজের অন্যতম লক্ষ্য। তাঁর মতে, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। কারণ, উপকূলের মানুষ প্রতিদিন যেসব সংকটের মুখোমুখি হন, তার অনেক কিছুই নীতিনির্ধারণী আলোচনায় যথাযথভাবে প্রতিফলিত হয় না।
এই লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন যুব ও জলবায়ুবিষয়ক উদ্যোগে যুক্ত হয়েছেন। ২০২৬ সালে তিনি LCOY Bangladesh-এর যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল বিভাগের সভাপতি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের সদস্য এবং কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসব অভিজ্ঞতা তাকে তরুণদের মতামত, যোগাযোগ এবং জলবায়ুবিষয়ক আলোচনার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করেছে। একই সঙ্গে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের শিক্ষার্থী হিসেবে জলবায়ু সংকটের তথ্য এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা মানুষের কাছে সহজভাবে তুলে ধরার বিষয়েও আগ্রহী তিনি।
তাঁর কাছে জলবায়ু নেতৃত্বের অর্থ শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়া নয়। বরং স্থানীয় মানুষের অভিজ্ঞতা সংগ্রহ করা, তাঁদের দাবি তুলে ধরা এবং সেই দাবির সঙ্গে নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সংযোগ তৈরি করাও এর অংশ।
আনতালিয়ায় কপ৩১, তুলে ধরতে চান উপকূলের সংকট ও সম্ভাবনা
২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এ। সম্মেলনের মূল আয়োজন হচ্ছে আনতালিয়ার Antalya EXPO Center-এ। এতে অংশ নিতে ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন বরগুনার তরুণ জলবায়ুকর্মী মো. খাইরুল ইসলাম মুন্না। সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অফিসিয়াল ব্যাজ ও ভিসাও পেয়েছেন তিনি।
কপ৩১-এ-এ তাঁর বিশেষ আগ্রহ থাকবে জলবায়ু অভিযোজন (Adaptation) এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা (Loss and Damage) বিষয়ে। উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি, স্থানীয় পর্যায়ে অভিযোজনের বাস্তবতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কার্যকর সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিক আলোচনা অনুসরণ করতে চান তিনি।
একই সঙ্গে বাংলাদেশের উপকূলীয় এলাকার চাহিদা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তাঁর। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের মাধ্যমেও উপকূলের মানুষের জীবন, সংকট ও সম্ভাবনার গল্প আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে চান।
মুন্নার কাছে এই অংশগ্রহণের গুরুত্ব শুধু সম্মেলনে উপস্থিত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি চান, উপকূলীয় মানুষের বাস্তবতা নিয়ে তাঁর অর্জিত অভিজ্ঞতা ও উপলব্ধি আন্তর্জাতিক জলবায়ু আলোচনার সঙ্গে যুক্ত হোক। পাশাপাশি সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও যোগাযোগ বাংলাদেশের তরুণদের জলবায়ুবিষয়ক কার্যক্রমে কাজে লাগানো সম্ভব হোক।
ভবিষ্যৎ পরিকল্পনা: উপকূলের অভিজ্ঞতা থেকে নীতিনির্ধারণী আলোচনা
মুন্নার ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে রয়েছে উপকূলীয় জনগোষ্ঠীর সংকট ও দাবি বিভিন্ন পর্যায়ে তুলে ধরা। স্থানীয় পর্যায়ে মানুষের অভিজ্ঞতা ও চাহিদা চিহ্নিত করে সেগুলোকে জেলা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও অ্যাডভোকেসির সঙ্গে যুক্ত করতে চান তিনি।
এ জন্য GPYDS-এর কার্যক্রম আরও বিস্তৃত করা, তরুণদের জলবায়ুবিষয়ক দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যম ও যোগাযোগের ব্যবহার বাড়ানো এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে কাজ করা বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সহযোগিতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
তার লক্ষ্য, উপকূলের মানুষের কথা যেন কেবল দুর্যোগের পর সংবাদ শিরোনামে সীমাবদ্ধ না থাকে। তাদের অভিজ্ঞতা, প্রয়োজন ও অধিকার যেন জলবায়ু পরিকল্পনা, অর্থায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের আলোচনাতেও গুরুত্ব পায়।
বরগুনার বেতাগীর হোসনাবাদ থেকে শুরু হওয়া মুন্নার এই যাত্রায় সামনে রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ। তবে তার কাজের মূল প্রেরণা একই, যে উপকূল তাকে বাস্তবতা চিনিয়েছে, সেই উপকূলের মানুষের অভিজ্ঞতা ও দাবি আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়া। কপ৩১ তার সেই প্রচেষ্টার নতুন এক অধ্যায়।