কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ

১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ PM
সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে যুবকের টিকটক

সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে যুবকের টিকটক © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনায় চরম দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যালয়ে এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। অভিযুক্ত যুবকের নাম অভি মাহমুদ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই কার্যালয়ের নির্দিষ্ট ও মূল চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের তালে নানা রকম অঙ্গভঙ্গি করছেন।

একপর্যায়ে তিনি চেয়ার ছেড়ে উঠে অফিসের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক বিভিন্ন নথি ও সরকারি ফাইলপত্র টেবিলে ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, ভিডিওতে টিকটক করা ওই যুবক সংশ্লিষ্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন; তিনি সম্পূর্ণ একজন বহিরাগত। সরকারি একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুমতি বা বাধা ছাড়া একজন বহিরাগত কীভাবে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও সাধারণ সেবাপ্রত্যাশীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রয়োজনে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সেবা পাই না। অথচ বহিরাগত যুবকেরা এভাবে প্রকাশ্যে সরকারি চেয়ার দখল করে টিকটক ভিডিও বানায়! এটি সরকারি অফিসের মর্যাদা ও সুশাসনের চরম অবমাননা।’

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ৪ নভেম্বর টিকটকটি ধারণ করা হয়েছে। ওইদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি কুমিল্লায় প্রশিক্ষণে ছিলেন। উনার যে স্টাফ সেদিন দায়িত্বে ছিলেন তাকে শোকজ করা হয়েছে। ভিডিও ধারণকারীর মুচলেকা নেওয়া হয়। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি জিডি করে রাখা হচ্ছে। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বিষয় পাওয়া যায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুচলেকাতে ভিডিয়ো ধারণকারী অভি মাহমুদ উল্লেখ করেন, ‘সমাজসেবা স্যার না থাকা অবস্থায় উপজেলা সমাজসেবা অফিসে বিনা অনুমতিতে ঢুকে স্যারের চেয়ারে বসে একটি ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করে আমি আমার ফেসবুক ও টিকটক আইডিতে পোস্ট করি। আমি বুঝিনি এতে আমার ও স্যারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আমি আমার দোষ স্বীকার করে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করব না। আমার অভিভাবকের সামনে আবারও ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।’

উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী বাবুল হোসেন বলেন, ‘ভিডিওটি এআই কি না, জানি না। ঘটনার দিন আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল। আমরা সে কাজে ব্যস্ত ছিলাম।’

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ভিডিওটি দেখে ওই ছেলেকে ডাকা হয়েছে। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া সমাজসেবা কার্যালয়ে সেদিন যে স্টাফ দায়িত্বে ছিল তাকে শোকজ করা হয়েছে। ওই ছেলেটির বিরুদ্ধে জিডি করে রাখা হচ্ছে।

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950