প্রতিযোগিতার লোগো © সংগৃহীত
বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের আয়োজনে শুরু হয়েছে ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ’ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ তিনজন পাবেন রাশিয়া ভ্রমণের সুযোগ। বাংলাদেশি প্রতিযোগীদের জন্য আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রসাটম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের জন্য কুইজে অংশগ্রহণের শেষ সময় আজ স্থানীয় সময় রাত ১২টা। আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে https://quiz.atomforyou.com/ এই লিংকে প্রবেশ করে কুইজে অংশ নিতে পারবেন।
এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’। এতে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ অনুসন্ধানে এর ব্যবহার তুলে ধরা হয়েছে।
বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ উদ্যোগের লক্ষ্য।
কুইজটি ১০ নভেম্বর প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় কুইজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভ‚মিকা রাখছে, সে সম্পর্কে জানতে পারবেন।
কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন। এ ভ্রমণের অংশ হিসেবে তারা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া কুইজে অংশগ্রহণকারী সবাইকে ইলেকট্রনিক সনদসহ শীর্ষ ১০০ জনকে অন্যান্য পুরষ্কার দেওয়া হবে।
২০২০ সালে যাত্রা শুরুর পর গ্লোবাল অ্যাটমিক কুইজে এ পর্যন্ত বিশ্বের ১০০টিরও বেশি দেশের ১ লাখ ১১ হাজারের বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়েছেন। পারমাণবিক বিজ্ঞান এবং এর শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগটি ইতোমধ্যে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।