সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ PM
সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ শেষে ফটোসেশন

সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ শেষে ফটোসেশন © সৌজন্য প্রাপ্ত

গণতান্ত্রিক সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় আন্তঃপ্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের আনুষ্ঠানিক অংশগ্রহণের সুযোগ বাড়ানো, নাগরিক অধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে ‘জয়ই’ (JoYEE—Joining Youth in Effective Engagement in Reform Agendas in Bangladesh) প্রকল্পের আওতায় ভয়েস ও দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

সংলাপে তরুণদের অগ্রাধিকার, উদ্বেগ ও সুপারিশ তুলে ধরার পাশাপাশি গণতান্ত্রিক অংশগ্রহণ, জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিক অধিকার সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তী সময়ে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিও জোরালো হয়েছে। তবে নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের আনুষ্ঠানিক অংশগ্রহণের সুযোগ এখনও সীমিত।

বিশেষ করে তরুণ নারী অধিকারকর্মীরা অনলাইন ও বাস্তব জীবনে হয়রানি, হুমকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন বলেও সংলাপে উল্লেখ করা হয়।

ভয়েসের উপপরিচালক মুশাররাত মাহেরার সঞ্চালনায় সংলাপ শুরু হয়। পরে ভয়েসের প্রতিনিধি তাসফিয়া তাসনিম নাবিলা ও তাজমিম হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্যানেল আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘জুলাই অভ্যুত্থান ও অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেখেছি, যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক বিরোধ তৈরি হচ্ছে। বিভিন্ন কমিশনে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোতে অন্তত ৫ শতাংশ নারী সদস্য রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে তা পরিলক্ষিত হয়নি।’

আদিবাসী অধিকারকর্মী ও ডাকসু নেত্রী হেমা চাকমা দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘জাতি, দল ও মত নির্বিশেষে বাংলাদেশে সবার সমতা নিশ্চিত করা জরুরি। দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয় সংশোধন করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা অতীব জরুরি। রাজনৈতিক দলগুলোকে নারীদের অধিকার ও অংশগ্রহণে আরও গুরুত্বারোপ করতে হবে।’

শিক্ষক ও অধিকারকর্মী ওলিউর রহমান সান বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন না করেই উচ্চশিক্ষায় প্রবেশ করছে। দক্ষতার অভাবে অনেক তরুণ বিদেশে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে এবং দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগও সীমিত থাকছে।’

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ‘প্রতিটি আন্দোলনের জন্য ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের সময় যে বিপ্লবী ভাষা তৈরি হয়েছিল, তা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এই ভাষা হারানোর মধ্য দিয়েই আমরা আবারও জাতিগতভাবে নিষ্পেষণের শিকার হচ্ছি।’

সমাপনী বক্তব্যে দ্য বাংলাদেশ ডায়ালগের নির্বাহী পরিচালক ব্যারিস্টার এস এম সাইফ কাদের রুবাব বলেন, ‘নাগরিক শিক্ষা অপরিহার্য, আগামী দিনের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নের জন্য এটির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন।’

সংলাপে রাজনৈতিক কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, অধিকারকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন তরুণ অংশীজন অংশ নেন।

বক্তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, নাগরিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, তরুণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের সঙ্গে নীতিনির্ধারকদের ধারাবাহিক সংলাপের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে সংস্কার বাস্তবায়নে জবাবদিহিতা বৃদ্ধি এবং দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণের সুযোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বাসে আগুন-ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬