রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই আয়োজন © সংগৃহীত
আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় গণিতের দলভিত্তিক প্রতিযোগিতা বাংলার ম্যাথ টিম কম্পেটিশন (বিএমটিসি)-২০২৬-এর জাতীয় পর্ব। সারা দেশের ৫২টি জেলা থেকে ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী এ জাতীয় পর্বে অংশ নিতে ঢাকায় আসছে।
রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, দলগত সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন এবং দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক কমিটি জানিয়েছে, আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বিএমটিসি-২০২৬ জাতীয় পর্বের কার্যক্রম শুরু হবে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ভেন্যু রেজিস্ট্রেশন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে একক ও দলগত পরীক্ষা।
পরীক্ষা শেষে নামাজ ও দুপুরের খাবারের বিরতি থাকবে। বিরতি শেষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় গণিতবিদদের কাছে গণিত বিষয়ে নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান জানার সুযোগ পাবে।
এরপর বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হবে বিশেষ সেমিনার। সেমিনারে বক্তব্য দেবেন দেশের অন্যতম খ্যাতিমান কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী প্রফেসর ড. মো. কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউআইইর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
বিএমটিসি-২০২৬ জাতীয় পর্ব আয়োজনের কনভেনার আহমেদ শাহরিয়ার শুভ বলেন, ‘বিএমটিসির লক্ষ্য শুধু গণিত প্রতিযোগিতা আয়োজন করা নয়; শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করা এবং তাদের চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো। ৫২টি জেলা থেকে ৬০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।’
বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা মাহতাব হোসাইন বলেন, বিএমটিসি শিক্ষার্থীদের এককভাবে নিজেদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি দলগতভাবে সমস্যা সমাধানের সুযোগ তৈরি করছে। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা গণিত শিখবে, নতুন বন্ধু তৈরি করবে এবং গণিত নিয়ে আরও বড় স্বপ্ন দেখবে।’
অন্য সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আশ শাকুর বলেন, ‘এবারের জাতীয় পর্বে প্রতিযোগিতার পাশাপাশি প্রশ্নোত্তর ও সেমিনারের আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দেশের অভিজ্ঞ গণিতবিদ ও বিজ্ঞানীদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পায়। ভবিষ্যতে বিএমটিসি-কে আরও বড় পরিসরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
এর আগে বিএমটিসি ২০২৬-এর সিলেকশন রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবারের বিএমটিসি-২০২৬ জাতীয় পর্ব।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের জাতীয় পর্ব গণিতচর্চায় নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করে গণিতকে আরও আনন্দময় ও প্রতিযোগিতামূলকভাবে চর্চার সুযোগ তৈরি করবে।