কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন। © সংগৃহীত
‘অক্সফোর্ড!’ নাম শুনলেই মনে হয় যুক্তরাজ্যের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের কথা। কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলেও রয়েছে একটি ‘অক্সফোর্ড’। এটি রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ, যা পরিচিত ‘উত্তরের অক্সফোর্ড’ নামে। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই প্রতিষ্ঠান মঙ্গলবার (১০ নভেম্বর) ১১০ বছর পূর্ণ করেছে। শতাব্দীর বেশি সময় ধরে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কলেজটি।
রংপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে লালবাগ এলাকায় সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাস। প্রবেশপথ পেরিয়ে ভেতরে এগোলেই চোখে পড়ে ঐতিহাসিক মূল ভবন। গম্বুজ, খিলান আর প্রাচীন স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি ভবনটি যেন দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস বুকে নিয়ে। এই ক্যাম্পাসের প্রতিটি স্থাপনা, গাছপালা, মাঠ আর শ্রেণিকক্ষের সঙ্গে মিশে আছে অসংখ্য শিক্ষার্থীর স্মৃতি।
একসময় উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরদূরান্তে যেতে হতো। তৎকালীন রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, আসামসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ ছিল না। এ অঞ্চলে একটি প্রথম শ্রেণির কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা থেকেই উদ্যোগ নেওয়া হয় কারমাইকেল কলেজ প্রতিষ্ঠার।
১৯১৩ সালে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুর সফরে এলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উত্তরাঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। কলেজ প্রতিষ্ঠার জন্য প্রাথমিকভাবে তিন লাখ টাকা সংগ্রহের পরামর্শ দেন গভর্নর।
এরপর রংপুরের তৎকালীন জেলা কালেক্টর জে এন গুপ্তের উদ্যোগে জমিদার, বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের নিয়ে তহবিল সংগ্রহের সভা হয়। কুন্ডি, কাশিমবাজার, রাধাবল্লভ, ধর্মপুর, মন্থনা, তুষভান্ডার, মহীপুরসহ বিভিন্ন এলাকার জমিদার ও দানশীল ব্যক্তিরা এগিয়ে আসেন। কেউ অর্থ দেন, কেউ দান করেন জমি।
কলেজের ইতিহাসে অন্নদা মোহন রায় চৌধুরীর দানের ঘটনাটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। তহবিল সংগ্রহের সভায় তিনি ১০ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু লিখিত হিসাবের সময় ভুল করে একটি শূন্য বেশি বসে যাওয়ায় অঙ্কটি দাঁড়ায় এক লাখ টাকা। পরে সেই অঙ্ক অনুযায়ীই তিনি অর্থ দান করেন। তাঁর অবদান স্মরণীয় করে রাখতে কলেজের মূল ভবনের মাঝের হলটির নাম রাখা হয় ‘অন্নদা মোহন হল’।
অন্যদিকে, কুন্ডির জমিদার পরিবারের সুরেন্দ্রনাথ রায় চৌধুরী ও তাঁর ভাই কলেজ প্রতিষ্ঠার জন্য প্রায় সাড়ে চার শ বিঘা জমি দান করেন। এভাবে জমিদার ও স্থানীয় শিক্ষানুরাগীদের সম্মিলিত প্রচেষ্টায় ১৯১৬ সালের ১০ নভেম্বর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লর্ড কারমাইকেল। তাঁর নামেই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার পর প্রথম দিকে জেলা পরিষদ ভবনে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো। ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলা বিভাগে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান শুরু হয়। পরে ১৯২২ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ এবং ১৯২৫ সালে বিজ্ঞান বিভাগে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।
১৯৪৭ সালে দেশভাগের পর কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। পরে ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এর অধীনে আসে প্রতিষ্ঠানটি। ১৯৬৩ সালের ১ জানুয়ারি কলেজটি সরকারীকরণ করা হয়। পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর অধিভুক্ত হয় কারমাইকেল কলেজ।
একসময় কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছিল। ২০০৬ সালে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ২০০৯ সালে কারমাইকেল কলেজের মালিকানাধীন জমিতে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
স্থাপত্যে শত বছরের স্মৃতি
কারমাইকেল কলেজের সবচেয়ে বড় আকর্ষণ এর ঐতিহাসিক মূল ভবন। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন বাংলার গভর্নর আর্ল অব রোনাল্ডশে ভবনটির উদ্বোধন করেন। প্রায় ৬১০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত ভবনটি ইন্দো-স্যারাসেনিক স্থাপত্যরীতিতে নির্মিত। এতে মোগল স্থাপত্যের প্রভাবও স্পষ্ট।
ভবনের গম্বুজ, খিলান, কারুকাজ ও অলংকরণে ফুটে উঠেছে প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য। মূল ভবনের মাঝখানে রয়েছে অন্নদা মোহন হল। ভবনের দেয়ালে কলেজ প্রতিষ্ঠায় অর্থ ও জমি দান করা ২৮ জন দাতার নামও খোদাই করা রয়েছে। ঐতিহাসিক এই ভবন দেখতে প্রতিবছর বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন।
সময়ের সঙ্গে ক্যাম্পাসে যুক্ত হয়েছে নতুন নতুন স্থাপনা। নির্মিত হয়েছে বিজ্ঞান ভবন, কলা ও বাণিজ্য ভবন, রসায়ন ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক হল, মসজিদ, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। রয়েছে দুটি খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, ক্যানটিন, শিক্ষক-কর্মচারীদের আবাসন ও শিক্ষার্থীদের বিশ্রামাগার।
৭০ হাজার বইয়ের গ্রন্থাগার
শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র কলেজের গ্রন্থাগার। প্রতিষ্ঠার সময় রংপুর জেলা গ্রন্থাগার থেকে পাওয়া মাত্র ২৫০টি বই নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে বইয়ের সংখ্যা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজারে।
পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই, গবেষণামূলক গ্রন্থ ও অন্যান্য প্রকাশনা রয়েছে এই সংগ্রহে। একসময় অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন। তাঁদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রন্থাগারটি।
ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র বাংলা মঞ্চ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, বিতর্ক, আবৃত্তি ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখছে এই মঞ্চ। এ ছাড়া রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, বিতর্ক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী
কারমাইকেল কলেজের গৌরবের অন্যতম জায়গা এর প্রাক্তন শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিভিন্ন সময়ে রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, শিক্ষা ও সংস্কৃতির নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অনেকে।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও হুসেইন মুহম্মদ এরশাদ এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। শহীদ জননী জাহানারা ইমামও পড়াশোনা করেছেন এখানে। এ ছাড়া সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচিত অনেক ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী, প্রশাসক, শিক্ষক ও রাজনীতিবিদ তৈরি করেছে কলেজটি। তাঁদের অর্জনের মধ্য দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থী বেশি, আবাসনসুবিধা সীমিত
বর্তমানে কারমাইকেল কলেজে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান), ১৭টি বিষয়ে স্নাতকোত্তর শেষ পর্ব এবং ১৬টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়েও পাঠদান চলছে।
তবে শিক্ষার্থীর তুলনায় আবাসনসুবিধা সীমিত। কলেজে ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের কেবি হল হিন্দু শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সিএম হল পরিত্যক্ত থাকায় আবাসনসংকট আরও প্রকট হয়েছে। প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলগুলোতে আসন রয়েছে আনুমানিক এক হাজার।
ফলে দূরদূরান্ত থেকে পড়তে আসা অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশের মেস ও ছাত্রাবাসে থাকতে হয়। শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার পরিসর বাড়লেও আবাসনসুবিধার সীমাবদ্ধতা প্রতিষ্ঠানটির অন্যতম চ্যালেঞ্জ।
কারমাইকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল নিজেও এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। যে প্রতিষ্ঠানে একসময় শিক্ষার্থী হিসেবে সময় কাটিয়েছেন, সেখানেই এখন অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তিনি। কারমাইকেল কলেজের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। এখান থেকে বেরিয়ে অনেক শিক্ষার্থী দেশবরেণ্য হয়েছেন।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কেবল তার প্রতিষ্ঠার বছর দিয়ে পরিমাপ করা যায় না। এর সঙ্গে জড়িয়ে থাকে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি, স্বপ্ন, অর্জন ও সংগ্রাম। কারমাইকেল কলেজও তেমনই একটি প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী এই ক্যাম্পাস। ১১০ বছর পেরিয়ে আজও উত্তরাঞ্চলের অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের ঠিকানা হয়ে দাঁড়িয়ে আছে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ।