এইচএসসি শিক্ষার্থীদের সংঘর্ষ
এইচএসসি শিক্ষার্থীদের সংঘর্ষ © টিডিসি সম্পাদিত
রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীরা ভর্তি বাতিল ও ৪২ জনকে টিসি দিয়েছে কলেজ প্রশাসন। এবার জড়িত শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও বহিষ্কারের হুমকি দিয়েছে ধানমন্ডির আইডিয়াল কলেজ প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো শিক্ষার্থী কলেজের আশপাশের এলাকা বা রাস্তায় উস্কানিমূলক কর্মকান্ডে লিপ্ত হওয়া, পার্শ্ববর্তী কোনো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি, সংঘর্ষ, বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড অথবা কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়-এমন কোনো ঘটনায় জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুতর শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং স্থায়ীভাবে ছাড়পত্র (টিসি) প্রদানপূর্বক কলেজ থেকে বহিষ্কার করা হতে পারে। এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ, তদবির বা শিথিলতা প্রদর্শন করা হবে না।
জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৭ তারিখে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করে কলেজের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই ঘটনায় ইতোমধ্যে ঢাকা কলেজের ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।
‘‘সুতরাং, আইডিয়াল কলেজের সকল শিক্ষার্থীকে স্বাভাবিকভাবে কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হওয়া, কলেজ চলাকালীন সময়ে কলেজের বাইরে অবস্থান না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানীমূলক কথাবার্তা বলাসহ যেকোনো প্রকার আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য বিশেষ সতর্ক করা হলো। বিষয়টি অতীব জরুরি।’’