নির্মাণাধীন নতুন দ্বিতল স্টেশন ভবন © টিডিসি
নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে প্রায় দেড় বছর আগে। এরপর তিন দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের সময়। তবু শেষ হয়নি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নকাজ। নতুন দ্বিতল স্টেশন ভবনের প্লাস্টার, টাইলস, রং ও ফিনিশিংসহ বেশ কিছু কাজ এখনো অসম্পূর্ণ। নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় একদিকে যেমন থমকে আছে আধুনিক যাত্রীসেবার প্রত্যাশা, অন্যদিকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্টেশনে আসা যাত্রীদের।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। নতুন করে নকশা প্রণয়ন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাকি কাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র। প্রতিদিন এ স্টেশন দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন বিপুলসংখ্যক যাত্রী। দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামো পরিবর্তন করে আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালে স্টেশনটির আধুনিকায়ন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। নতুন দ্বিতল স্টেশন ভবন, প্রশস্ত প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য ছাউনি ও অপেক্ষার স্থানসহ বিভিন্ন সুবিধা যুক্ত করতে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ১০ কোটি ১৮ লাখ টাকা।
২০২৩ সালের সেপ্টেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান আরটিসি ও এসএইচজে জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে এ কাজের চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী, ৫৪০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। সে হিসাবে ২০২৫ সালের মার্চের প্রথম সপ্তাহে আধুনিকায়নের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও প্রকল্পের কাজ শেষ হয়নি। বরং বিভিন্ন জটিলতায় তিন দফায় বাড়ানো হয়েছে কাজের মেয়াদ।
এদিকে প্রকল্পের দীর্ঘসূত্রতায় আধুনিক স্টেশনের অপেক্ষা দীর্ঘ হওয়ার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। পুরোনো প্ল্যাটফর্ম ও অবকাঠামোর বিভিন্ন অংশ ভেঙে ফেলায় কমেছে যাত্রীদের বসার জায়গা। ব্যবহারযোগ্য শৌচাগারের সংকটও রয়েছে। মূল স্টেশন ভবনের বাইরে অস্থায়ীভাবে টিকিট কাউন্টার পরিচালনা করায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে নতুন ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা টিকিট কাউন্টারের অবস্থান না জানায় পড়ছেন বিড়ম্বনায়। সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে স্টেশনের দাপ্তরিক কার্যক্রমও।
সরেজমিনে দেখা যায়, নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ অনেকটা এগিয়েছে। প্ল্যাটফর্মে ছাউনির ব্যবস্থাও করা হয়েছে। তবে নতুন দ্বিতল স্টেশন ভবনের বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ বাকি। কোথাও প্লাস্টার, কোথাও টাইলস বসানো, আবার কোথাও রং ও অন্যান্য আনুষঙ্গিক কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে পুরোপুরি ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি নতুন স্টেশন ভবন।
নির্মাণকাজের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। ট্রেনের অপেক্ষায় পর্যাপ্ত বসার জায়গা না থাকায় অনেককে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ট্রেন বিলম্বিত হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য দীর্ঘ সময় এভাবে অপেক্ষা করা কষ্টকর হয়ে উঠেছে।
যাত্রী সিরাজ আলী বলেন, আগে স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার ছিল। এখন বাইরে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। রোদে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে।
অস্থায়ী টিকিট কাউন্টার নিয়েও ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তাদের ভাষ্য, স্টেশনের ভেতরে কাউন্টার না থাকায় নতুন যাত্রীরা সহজে এর অবস্থান বুঝতে পারেন না। অনেকে খুঁজে খুঁজে কাউন্টার বের করেন। আবার কেউ কেউ কাউন্টার খুঁজে না পেয়ে টিকিট ছাড়াই ট্রেনে ওঠার পরিস্থিতিতে পড়েন। এ ছাড়া প্ল্যাটফর্মে বৈদ্যুতিক পাখা ঠিকমতো না চলা এবং মালামাল বহনের জন্য কুলির সংকটও ভোগান্তি বাড়াচ্ছে।
একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক বছর ধরে স্টেশনটির নির্মাণকাজ চলতে দেখছেন তারা। কিন্তু কাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আধুনিক স্টেশনের প্রত্যাশা থাকলেও বর্তমানে প্রয়োজনীয় মৌলিক সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন যাত্রীরা।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৩ সালে স্টেশনটির রিমডেলিংয়ের কাজ শুরু হয়। তবে বিভিন্ন জটিলতা, রাজনৈতিক পটপরিবর্তন এবং নকশাগত ত্রুটিসহ নানা কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে নতুন নকশা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তারা। অনুমোদন পাওয়া গেলে পুরোদমে কাজ শুরু করা হবে। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তারা।
তিনি আরও বলেন, স্টেশন আধুনিকায়ন প্রকল্পের বরাদ্দ ১০ কোটি ১৮ লাখ টাকা। কাজের মেয়াদ দীর্ঘায়িত হলেও প্রকল্পের বরাদ্দ বাড়েনি। বিভিন্ন জটিলতার কারণে ইতিমধ্যে তিন দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। তার দাবি, এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
প্রকল্পের মেয়াদ তিন দফায় বাড়লেও যাত্রীদের দুর্ভোগের অবসান হয়নি। এখন প্রশ্ন, নতুন নকশার অনুমোদন ও বাকি কাজ শেষ করে কবে নাগাদ পূর্ণাঙ্গ আধুনিক স্টেশন হিসেবে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনকে যাত্রীদের সামনে তুলে ধরতে পারবে রেলওয়ে কর্তৃপক্ষ?