নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ PM
কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুমোদিত ১৩টি পদের মধ্যে ৯টিই শূন্য রয়েছে। মাত্র ৪ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে অফিসের সামগ্রিক কার্যক্রম। প্রয়োজনীয় জনবলের অভাবে দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকি ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে নানা জটিলতা এবং প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম চালাতে হিমসিম খাচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আ ব মোকতাদের বিল্লাহর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের একটি পদে একজন কর্মরত রয়েছেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদিত ৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের একটি পদে একজন কর্মরত থাকলেও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের একটি পদ শূন্য। এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের দুটি পদের মধ্যে একজন কর্মরত এবং একটি পদ শূন্য রয়েছে। অফিস সহায়কের একটি পদও শূন্য রয়েছে। গত ১২ নভেম্বর ইউডি পদও শূন্য হয়েছে। সব মিলিয়ে অনুমোদিত ১৩টি পদের মধ্যে ৪ জন কর্মরত এবং ৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ৭টি পদের বিপরীতে মাত্র ২ জন কর্মরত থাকায় উপজেলার ৭টি ক্লাস্টারের অধীনে থাকা ১৮২টি বিদ্যালয়ের নিয়মিত তদারকি ও একাডেমিক সুপারভিশন যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অল্পসংখ্যক কর্মকর্তাকে একাধিক ক্লাস্টারের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও দুজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনার ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয় তাদের। এতে বিদ্যালয় পরিদর্শন ও মাঠপর্যায়ের তদারকির জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়ে। এদিকে অফিস সহায়ক ও অন্যান্য পদ শূন্য থাকায় চিঠিপত্র আদান-প্রদান, নথিপত্র সংরক্ষণ এবং শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক সেবা প্রদানের ক্ষেত্রেও ধীরগতি তৈরি হচ্ছে। শিক্ষা অফিসের জনবল সংকটের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব. মোকতাদের বিল্লাহ বলেন, জনবল সংকটের কারণে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হিমসিম খেতে হচ্ছে। কেন্দুয়া উপজেলাটি একটি বড় উপজেলা, এখানে ১৮২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। জনবল সংকটের কারণে বিভিন্ন কাজে কিছু বিঘ্ন তো ঘটছেই।তবুও আমরা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছি। দ্রুত শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত নিয়োগের মাধ্যমে অফিসের কার্যক্রম গতিশীল করার আবেদন জানানো হয়েছে। তিনি ও মো. আবুল কাশেম 
সহকারী শিক্ষা অফিসারকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করতে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ জরুরি বলে জানান।

কেন্দুয়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, ‘কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৩টি পদের মধ্যে ৯টি পদ শূন্য রয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শূন্য পদ পূরণের জন্য চিঠি দিয়েছি। আশা করছি খুব শিগগির শূন্যপদগুলো পূরণ হবে এবং কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গতিশীলতা ফিরে আসবে।’

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূ…
  • ১৭ নভেম্বর ২০২৬
যাত্রা ও সার্কাস চলবে, তবে...
  • ১৭ নভেম্বর ২০২৬
বিসিবি পরিচালকের অপসারণ ও গ্রেপ্তার দাবি ছাত্রদলের
  • ১৭ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেলে বেতন দিতে অর্থ বিভাগে চিঠি পাঠ…
  • ১৭ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইউরোপের ৪ দেশ, আবেদন ক…
  • ১৭ নভেম্বর ২০২৬