পিটুনিতে নিহত

৩০ ঘণ্টা ধরে হাসপাতালের লাশ ঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি স্বজনেরা

১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ PM
পিটুনিতে নিহত মেহেদী হাসান।

পিটুনিতে নিহত মেহেদী হাসান। © সংগৃহীত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তাঁর মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য আসেননি। স্বজনেরা মরদেহ গ্রহণ না করলে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে জানিয়েছে।

নিহত মেহেদী হাসানের বয়স ৩১ বছর। তিনি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তাঁর বাবা সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

গত রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। ওই সময় তিনি ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনার পর রোববার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে লাশ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন মর্গে এসেছিলেন। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন। এ জন্য তাঁদের থানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়। তবে তাঁরা থানায় যাননি।

আমিনুল ইসলামের দাবি, ওই তিনজন নিজেদের নাম-পরিচয় বা মুঠোফোন নম্বরও দেননি। ফলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ। তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশই দাফনের ব্যবস্থা করবে।

এদিকে একই ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। আবদুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মামলা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

৩০ ঘণ্টা ধরে হাসপাতালের লাশ ঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি …
  • ১৭ নভেম্বর ২০২৬
আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
  • ১৭ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার বিচার তাঁর বাবার তৈরি করা আইনেই হবে— যার শাস্তি…
  • ১৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং, অনুমান করে দাগাবেন নাকি ছেড়…
  • ১৭ নভেম্বর ২০২৬
পাইলট নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ, আবেদন সরাসরি অথবা ড…
  • ১৭ নভেম্বর ২০২৬
মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলেন বাবা, দুজনকেই উদ্ধার করল ফায়া…
  • ১৭ নভেম্বর ২০২৬