শিপ্লাঞ্চলের জননিরাপত্তা নিশ্চিতে বিসিবি মোতায়েন © টিডিসি ছবি
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। এর মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন দায়িত্ব পালন করছে।
অন্যদিকে, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছে আরও সাত প্লাটুন বিজিবি।
এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।