কক্সবাজার

পর্যটন কার্নিভালের জন্য ঝাউগাছ কাটার অভিযোগ, পর্যটন কর্পোরেশনের দাবি ভিত্তিহীন

১৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ AM
কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগ।

কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগ। © টিডিসি ছবি

কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটির দাবি, কার্নিভালের প্রস্তুতি বা অবকাঠামো নির্মাণের জন্য কোনো ঝাউগাছ কাটা হয়নি। এ-সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে তারা।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এসামুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হবে। পর্যটনশিল্পের বিকাশ, স্থানীয় অর্থনীতিতে গতি আনা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। হোটেল শৈবাল প্রাঙ্গণ ও আশপাশের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে কার্নিভাল অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় কমিউনিটি নেতাদের বাস্তবায়ন সহযোগিতা থাকবে।

কার্নিভাল ঘিরে ১৫ থেকে ১৬টি বিশেষ জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব জোনের পরিকল্পনা ও সাজসজ্জায় পরিবেশ-প্রকৃতির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। সংস্থাটির ভাষ্য, হোটেল শৈবালের নিজস্ব ক্যাম্পাস বা কার্নিভালের জন্য বরাদ্দ করা এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি। আশপাশের বনাঞ্চলেরও ক্ষতি করা হয়নি।

ঝাউগাছ কাটার অভিযোগের বিষয়ে পর্যটন করপোরেশন বলেছে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে এয়ার ফানেল রুটে কিছু গাছের ওপরের অংশ ছাঁটাই করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বন বিভাগের সঙ্গে সমন্বয় করে এ কাজ করেছে। ছাঁটাই করা গাছের অংশ বন বিভাগের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, বিমানবন্দরের নিরাপত্তার কারণে গাছ ছাঁটাইয়ের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে কার্নিভালের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছের গুঁড়ির ছবিগুলোর সঙ্গেও কার্নিভালের কোনো সম্পর্ক নেই। ছবিতে থাকা গাছগুলোর কয়েকটি বিভিন্ন সময়ে ঝড়-জলোচ্ছ্বাসে উপড়ে পড়েছিল। কিছু গাছ ঘূর্ণিঝড় হানুমানের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও দাবি করেছে সংস্থাটি।

এ বিষয়ে পর্যটন করপোরেশনের পরিচালক গনিউল আজম বলেন, গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি, হবেও না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো এআই দিয়ে তৈরি।

অন্যদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে গাছ কাটার অভিযোগের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পর্যটন করপোরেশনের দাবি, পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই কার্নিভালের প্রস্তুতি চলছে।

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬
পর্যটন কার্নিভালের জন্য ঝাউগাছ কাটার অভিযোগ, পর্যটন কর্পোরে…
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ ‘আনফ্রেন্ড’ করার দিন
  • ১৭ নভেম্বর ২০২৬
চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আ…
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আব…
  • ১৭ নভেম্বর ২০২৬