বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। © সংগৃহীত
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে তাঁদের মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
মঙ্গলবারও (১৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে ১০ প্লাটুন সদস্য মোতায়েনের তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবারও (১৬ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের একটি বড় অংশের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব ফুটেজ এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ নজরদারি চালানো হচ্ছে।
এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।