তাহেরিকে রুখতে সুন্নি মহাসম্মেলন-সংলগ্ন রেললাইনের পাশে লাঠি হাতে কয়েকজন ব্যক্তি অবস্থান © সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে সুন্নি মহাসম্মেলনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। তাকে মাহফিলে আসতে বাধা দেওয়ার সময় লাঠি হাতে একদল লোকের মহড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
গত ১৫ নভেম্বর রাতে উপজেলার বহড়া ইউনিয়নের কাশিমনগরে সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করার কথা ছিল মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর। তবে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাসহ একটি পক্ষের বিরোধিতার কারণে তিনি নির্ধারিত সময়ে মাহফিলে যোগ দিতে পারেননি বলে অভিযোগ করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, মাহফিলসংলগ্ন কাশিমনগর রেললাইনের পাশে সংঘবদ্ধ একটি দল সারারাত লাঠি হাতে অবস্থান করে। তাদের উদ্দেশ্য ছিল তাহেরী মাহফিলে আসার পথে বাধা দেওয়া এবং তার ওপর হামলা করা—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ওই ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই। লাঠি হাতে তাদের অবস্থানের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আরও দাবি, ঘটনাস্থলের কাছেই মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতির কাছাকাছি এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে মাহফিলের আয়োজক খান্দুরা পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমকেও তাহেরীর আগমন ঠেকাতে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ ধরনের সম্মেলন আর আয়োজন করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
তাহেরী মাহফিলে আসছেন না—এমন খবর ছড়িয়ে পড়লে উপস্থিত মুসল্লিদের একটি অংশ ওয়াজের মঞ্চ ছেড়ে চলে যান। তাঁদের দলবদ্ধভাবে চলে যাওয়ার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ও মসজিদের খতিব মুফতি মুজাম্মিল হক মাসুমী বলেন, “আমরা কোন দেশে বাস করছি? একটি ধর্মীয় মাহফিলে একজন বক্তাকে আসতে বাধা দিতে লাঠি হাতে মহড়া দেওয়া হচ্ছে। এসব ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা না হলে আমরা আন্দোলনের ডাক দেব।”
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘আমি চাইলে মাহফিলে অংশ নিতে পারতাম। এসব ব্যক্তিকে জাতির চিনে রাখা উচিত। আমি সরকারকে আহ্বান জানাব, এদের দ্রুত গ্রেপ্তার করতে। মাহফিলের পাশে অনেকক্ষণ অবস্থান করে চলে এসেছি। ইসলামে সন্ত্রাস ও ষড়যন্ত্র সম্পূর্ণ হারাম। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের গ্রেপ্তার এবং হেদায়েতের আহ্বান জানাই।’
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’