১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক

১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ PM
বলেশ্বর নদের অব্যাহত ভাঙন

বলেশ্বর নদের অব্যাহত ভাঙন © টিডিসি

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাগেরহাটের শরণখোলায় স্বজন, ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়েছিলেন উপকূলের মানুষ। সেই দুর্যোগের ১৯ বছর পেরিয়ে গেলেও তাদের অনেকের জীবনে শুকায়নি স্বজন হারানোর ক্ষত। এর মধ্যে বলেশ্বর নদের অব্যাহত ভাঙন, বসতভিটা হারানোর শঙ্কা এবং বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও গর্ত নতুন করে আতঙ্ক তৈরি করেছে। সিডরের স্মৃতি বুকে নিয়ে এখন নদীভাঙন থেকে বাঁচার অপেক্ষায় দিন কাটছে উপকূলবাসীর।

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাগেরহাটের শরণখোলায় পরিবারের ১৩ সদস্যকে হারান নাসিমা বেগম। অন্যদিকে একই উপজেলার বলেশ্বর নদের তীরবর্তী এলাকার ৬৭ বছর বয়সী রেবা বেগম ১৯ বছর ধরে অপেক্ষা করছেন নিখোঁজ ছোট মেয়ে রহিমার। সেদিন স্বামীকে হারিয়েছেন, হারিয়েছেন আট বছরের মেয়েকেও। স্বামীর মরদেহ ফিরলেও মেয়ের কোনো সন্ধান মেলেনি। বেঁচে থাকলে আজ রহিমার বয়স হতো ২৭ বছর।

এক রাতেই নিঃস্ব হয়েছিল হাজারো পরিবার
২০০৭ সালের ১৫ নভেম্বর। সকাল থেকেই উপকূলজুড়ে ছিল বৃষ্টি ও দমকা হাওয়া। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঝড়ের তীব্রতা। সন্ধ্যার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। রাতের দিকে সুন্দরবনসংলগ্ন উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। বিভিন্ন প্রতিবেদনে ঝড়টির বাতাসের স্থায়ী গতিবেগ ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার এবং সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ৩০৫ কিলোমিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে ছিল ভয়াবহ জলোচ্ছ্বাস। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার ঢেউ উপকূলীয় জনপদে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। ভেঙে পড়ে ঘরবাড়ি, উপড়ে যায় গাছপালা, ভেসে যায় গবাদিপশু ও ফসলের মাঠ।

বাগেরহাটসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল শরণখোলা। বিশেষ করে সাউথখালী ইউনিয়নে প্রাণহানি ঘটে ব্যাপক। স্থানীয়ভাবে জানা যায়, শুধু এই ইউনিয়নেই আট শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন কয়েক হাজার মানুষ। অনেক পরিবার এক রাতেই হারায় একাধিক স্বজন।

১৩ স্বজনের স্মৃতি আজও কাঁদায় নাসিমাকে
শরণখোলার গাবতলা গ্রামের নাসিমা বেগমের কাছে ১৫ নভেম্বর কেবল একটি তারিখ নয়, স্বজন হারানোর এক ভয়াবহ স্মৃতি। সিডরের সেই রাতে পরিবারের ১৩ সদস্যকে হারান তিনি। সেই রাতের স্মৃতি তুলে ধরে নাসিমা বেগম বলেন, ‘প্রচণ্ড ঝড়, বাতাস আর জলোচ্ছ্বাসে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। আমাদের পরিবারের মা, বাবা, ছেলেসহ ১৩ জন মারা যান। সিডরের আট দিন পর ছেলের দাফন সম্পন্ন করতে পেরেছিলাম।’

১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই বেদনা ভুলতে পারেননি তিনি। দিন বদলেছে, চারপাশে নতুন ঘরবাড়ি উঠেছে, অনেকে নতুন করে জীবন শুরু করেছেন। কিন্তু নাসিমার কাছে ১৫ নভেম্বর মানেই সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি।

একই গ্রামের শাহনাজের জীবনেও সিডর রেখে গেছে গভীর ক্ষত। তিনি বলেন, “সিডরের সেই রাতে পানির তোড়ে আমাদের ঘরবাড়ি ভেসে যায়। কোনোমতে সন্তানদের নিয়ে প্রাণে বেঁচেছিলাম। টানা আট দিন কোনো খাবার জোটেনি। স্বামী, ননদ ও দুই নাতিসহ পরিবারের চারজনকে হারিয়েছি। আজও তাঁদের কবরের পাশে দাঁড়ালে সেই ভয়াল রাতের কথা মনে পড়ে বুক কেঁপে ওঠে।”

স্থানীয় বাসিন্দা দবির বলেন, “সিডরে যা হারিয়েছি, তা আর ফিরে পাওয়ার উপায় নেই। উপজেলার প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। কত মানুষ ও গবাদিপশু মারা গেছে, তার সঠিক হিসাবও পাওয়া কঠিন। কারণ, অনেকের মরদেহ তখন খুঁজে পাওয়া যায়নি।”

১৯ বছর ধরে মেয়ের অপেক্ষায় এক মা
রেবা বেগমের কাছে সিডরের স্মৃতি আরও বেশি বেদনাদায়ক। স্বামী নুর ইসলাম তালুকদার ও ছোট মেয়ে রহিমাকে হারানোর পর থেকে তাঁর জীবনের গল্প যেন থমকে আছে। একসময় বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বড় বসতবাড়ি ও কৃষিজমি নিয়ে তাঁদের সচ্ছল সংসার ছিল। সিডরের পূর্বাভাস পেয়ে আশপাশের অনেক মানুষও তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

কিন্তু রাত ৯টার দিকে জলোচ্ছ্বাস আছড়ে পড়তেই সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন সবাই। অন্ধকার আর পানির প্রবল স্রোতে পরিবারের সদস্যরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। স্রোতের টানে ভাসতে ভাসতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি পৌঁছান। পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন। পরদিন সকালে একটি গাছের ডাল থেকে উদ্ধার করা হয় বড় মেয়ে রুমা খাতুনকে। কিন্তু স্বামী ও ছোট মেয়ে রহিমার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘটনার তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় স্বামী নুর ইসলামের মরদেহ। কিন্তু আট বছরের রহিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

সেই থেকে ১৯ বছর ধরে মেয়ের অপেক্ষায় দিন কাটছে রেবা বেগমের। যে মেয়েটি সেদিন মায়ের কোলের আট বছরের শিশু ছিল, বেঁচে থাকলে আজ তার বয়স হতো ২৭ বছর। সময়ের সঙ্গে মেয়ের বয়স বেড়েছে কেবল মায়ের কল্পনায়। বাস্তবে রয়ে গেছে সেই হারিয়ে যাওয়ার দিনটির স্মৃতি।

সিডরের পর বাঁধ নির্মাণ, তবু কাটেনি শঙ্কা
সিডরের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে উপকূল রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) আওতায় শরণখোলার ৩৫/১ পোল্ডারে প্রায় ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ২০১৬ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হতে প্রায় সাত বছর সময় লাগে। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়।

তবে বাঁধ নির্মাণের কয়েক বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙন, ব্লক ধসে পড়া ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বগী, গাবতলা, সাউথখালী, মোরেলগঞ্জের আমতলা ও ফাসিয়াতলাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদীভাঙনের ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় কিছু স্থানে দুর্বলতা তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, কার্যকর নদীশাসন ও তীর সংরক্ষণের ব্যবস্থা না থাকলে বড় ধরনের ঝড় বা জলোচ্ছ্বাসে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় বাসিন্দা রিয়াদুল ইসলাম বলেন, ‘সবকিছু হারিয়ে আমরা একটি টেকসই বেড়িবাঁধ চেয়েছিলাম। কিন্তু বাঁধের কাজ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত দেখা যাচ্ছে। বাঁধের মধ্যে বালু দেওয়ার কারণেই এমনটা হয়েছে বলে আমাদের ধারণা। এ অবস্থায় বড় ঝড় হলে বাঁধ টিকবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।’

আরেক বাসিন্দা লিটন বলেন, ‘কার্যকর নদীশাসনের ব্যবস্থা না করে শুধু বেড়িবাঁধ নির্মাণ করায় নদীর স্রোতে বাঁধের গোড়ার মাটি সরে যাচ্ছে। এতে বাঁধের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। সরকার অনেক টাকা ব্যয় করছে, কিন্তু নদীতীরের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। দ্রুত নদীশাসনের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।’

শেখ শাহাদাত হোসেন বলেন, ‘সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর ক্ষত উপকূলবাসীর হৃদয়ে রয়ে গেছে। সিডরের পর আমাদের প্রধান দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। কিন্তু নির্মিত বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও বড় বড় গর্ত দেখা দিয়েছে। বলেশ্বর নদের ভাঙনে ‘আশার আলো মসজিদ’ও হুমকির মুখে। তাই দ্রুত মজবুত বেড়িবাঁধ নির্মাণ এবং তাফালবাড়ী থেকে বগী পর্যন্ত স্থায়ী নদীশাসনের দাবি জানাচ্ছি।’

স্থানীয় সিপিপির এক স্বেচ্ছাসেবী বলেন, ‘সিডরের সময় শরণখোলার বগী ও দক্ষিণ সাউথখালী এলাকায় প্রায় ৩৬০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। এরপর আইলা, ফণীসহ অনেক দুর্যোগ মোকাবিলা করেছি। কিন্তু বলেশ্বর নদের ভাঙনে মানুষ আজও বসতভিটা হারাচ্ছে। ঘূর্ণিঝড়ের সংকেত পেলেই আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়। আমাদের দাবি, দ্রুত নদীশাসন ও স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষা করা হোক।’

৫০০ মিটার এলাকায় ৩০ কোটি টাকার কাজ
স্থানীয়দের উদ্বেগের মধ্যে সম্প্রতি শরণখোলার গাবতলা এলাকায় বলেশ্বর নদের প্রায় ৫০০ মিটার অংশে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ কাজে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, মাত্র ৫০০ মিটার এলাকায় কাজ করে পুরো ঝুঁকিপূর্ণ উপকূলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাঁদের মতে, বিচ্ছিন্নভাবে মেরামতের পরিবর্তে নদীর গতিপথ ও স্রোতের প্রকৃতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়ন জরুরি।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘বলেশ্বর নদের তীরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শরণখোলার বগী এলাকায় প্রায় ৫০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলছে। বাঁধের যেসব স্থানে সিসি ব্লক ধসে পড়েছে, সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থায়ীভাবে নদীভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় কাজের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপকূলবাসীর প্রশ্ন—আর কত অপেক্ষা?
১৯ বছর আগে সিডর কেড়ে নিয়েছিল নাসিমার ১৩ স্বজন। রেবা বেগমের কাছ থেকে কেড়ে নিয়েছিল স্বামী ও ছোট মেয়েকে। সেই শোকের সঙ্গে এখন যুক্ত হয়েছে বলেশ্বর নদের ভাঙন আর বসতভিটা হারানোর ভয়।

সিডরের পর অনেক পরিবার নতুন করে ঘর বেঁধেছে। সন্তানদের নিয়ে নতুন স্বপ্ন দেখেছে। কিন্তু নদীভাঙন ও বাঁধের দুর্বলতা সেই স্বপ্নকেও প্রতিনিয়ত অনিশ্চিত করে তুলছে।

উপকূলবাসীর দাবি, দুর্যোগের পর ত্রাণ কিংবা সাময়িক মেরামত নয়, দুর্যোগের আগেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন স্থায়ী নদীশাসন, ঝুঁকিপূর্ণ বাঁধের কার্যকর সংস্কার এবং দীর্ঘমেয়াদি উপকূল সুরক্ষা পরিকল্পনা। কারণ, তাদের কাছে বেড়িবাঁধ কেবল মাটি, বালু আর কংক্রিটের অবকাঠামো নয়। এটি বসতভিটা রক্ষার দেয়াল, পরিবারের নিরাপত্তা এবং নতুন করে বেঁচে থাকার আশ্রয়।

১৯ বছর পরও নাসিমার চোখে স্বজন হারানোর জল, রেবা বেগমের মনে মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষা। আর বলেশ্বরের তীরে বসবাস করা মানুষের মনে একটাই প্রশ্ন—আর কত বছর অপেক্ষা করলে মিলবে নিরাপদ জীবন?

সিডরের মতো আর কোনো রাত দেখতে চান না তারা। চান, পরবর্তী প্রজন্ম যেন ঘূর্ণিঝড়ের আতঙ্ক নয়, নিরাপদ উপকূলে নিশ্চিন্তে বেঁচে থাকার অধিকার নিয়ে বড় হতে পারে।

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950