বন্যহাতি © সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে বাড়ি ফেরার পথে গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে পাহাড়ি ঢালু এলাকায় একটি দলছুট বন্য হাতির সামনে পড়েন ছৈয়দ ফকির। এ সময় হাতিটির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত ছৈয়দ ফকিরের আদি বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় বসবাস করছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উত্তর হারবাংয়ের পাহাড়ি এলাকায় বন্য হাতির বিচরণ এবং লোকালয়ের কাছাকাছি চলে আসার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর পাহাড়ি সড়ক ও ঢালু পথে চলাচল করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, হাতির চলাচলের এলাকায় কার্যকর সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা না থাকলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। তারা হাতির চলাচলের পথ চিহ্নিত করা, সতর্কবার্তা প্রচার এবং বন বিভাগের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।