ঝালকাঠি
কোনো পারিশ্রমিক ছাড়াই মসজিদে আজান দেওয়া মুয়াজ্জিন সৈয়দ আলীর আনুষ্ঠানিক বিদায়। © টিডিসি ফটো
কোনো পারিশ্রমিক ছাড়াই দীর্ঘ ১৬ বছর ধরে মসজিদে আজান দিয়ে মুসল্লিদের খেদমত করেছেন মুয়াজ্জিন সৈয়দ আলী। নিষ্ঠা, আন্তরিকতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন শেষে বার্ধক্যজনিত কারণে তিনি অব্যাহতি নেওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিরা।
তার এই নিঃস্বার্থ সেবার স্বীকৃতিস্বরূপ আয়োজিত বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে তার প্রতি সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে, শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাকে আজীবন এই মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের পরিচিত ও প্রিয় এই মুয়াজ্জিনকে বিদায় জানাতে গিয়ে উপস্থিত অনেকের চোখেই শ্রদ্ধা ও আবেগের ছাপ ফুটে ওঠে।
অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। দীর্ঘকাল ধরে মসজিদের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্বশীলতার কথা স্মরণ করে বক্তারা তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিনা পারিশ্রমিকে এত দীর্ঘ সময় আল্লাহর ঘরের খেদমত করে যাওয়াকে তারা নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকেই এই মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শুরু করেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর বার্ধক্যজনিত কারণে তিনি সম্প্রতি অব্যাহতি চেয়ে আবেদন করেন।
তার দীর্ঘদিনের অবদানকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়। তিনি আরও জানান, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলেও সৈয়দ আলীর প্রতি সম্মান জানিয়ে তাঁকে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে আজীবন আজান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মুয়াজ্জিন সৈয়দ আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দীর্ঘ ১৬ বছরের সেবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও মসজিদের সঙ্গে তার এই আত্মিক সম্পর্ক আজীবন অটুট থাকবে—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত মুসল্লিরা।