গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত © টিডিসি ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ থেকে ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদেরও উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।