কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর © টিডিসি ছবি
বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তিনি সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল, তারা এ দেশে শিক্ষা ও সংস্কৃতি চায়নি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের জাগরণের যুগের একজন কবি, সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত স্থানটিকে সরকারিভাবে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
তিনি আরও বলেন, এখানে তাঁর সমাধি থাকায় শ্রদ্ধা জানাতে এসেছেন তাঁরা। এর মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষ যেন মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে আরও জানতে ও অনুপ্রাণিত হতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।
এদিকে, জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়েছে।