গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেতা © সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক যাত্রী। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুটি গাড়ি রয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।
এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশ করার সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।